Nadia: শুভেন্দুর সভার আগেই শান্তিপুরে তুলকালাম! প্রতিমা চুরির চেষ্টার অভিযোগে বিদ্ধ বিজেপি কর্মী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নদিয়ার (Nadia) শান্তিপুরে গভীর রাতে সরস্বতী প্রতিমা চুরির চেষ্টাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির এক বিজেপি (BJP) কর্মীর দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। ঠিক এমন সময়েই, রবিবার ফুলিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আগমনের কথা রয়েছে। তার আগেই এই ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্কে ঘি ঢেলেছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

আরও পড়ুন: Vande Mataram : জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে ‘বন্দে মাতরম’, মোদি সরকারের নতুন উদ্যোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর (Nadia) ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের শীতলা মন্দিরপাড়া এলাকায় মহিলাদের উদ্যোগে এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। নিয়ম অনুযায়ী শনিবার প্রতিমা বিসর্জনের কথা ছিল। কিন্তু তার আগের রাতেই, অর্থাৎ শুক্রবার গভীর রাতে প্রতিমা চুরির অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে দুই যুবক মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে পড়তেই তাঁরা প্রতিমাটি সেখানেই নামিয়ে রেখে পালিয়ে যান। অভিযোগ, ওই দুই যুবক বিজেপির সঙ্গে যুক্ত।

ঘটনার পরই এলাকায় প্রশ্ন উঠতে শুরু করে কেন গভীর রাতে প্রতিমা সরানোর চেষ্টা করা হল? স্থানীয়দের জানানো হয়, প্রতিমার আশপাশে কুকুর ঘোরাঘুরি করছিল, সেই কারণেই নাকি প্রতিমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষকে না জানিয়ে, কোনও পাহারার ব্যবস্থা না রেখেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েই বাড়ছে সন্দেহ।

এই ঘটনার প্রতিবাদে শনিবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে ফুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন দুই ব্লকের সভাপতি, সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূলের জনপ্রতিনিধি এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতারা।

অন্যদিকে বিজেপি পুরো বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, প্রতিমার পবিত্রতা রক্ষা করতেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিকে শান্তিপুর (Nadia) থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে ফুলিয়া ও শান্তিপুর জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole