নিউজ পোল ব্যুরো: বিলাসবহুল ট্রেনযাত্রায় বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ও অমৃত ভারত II-এর মতো আধুনিক ট্রেনের টিকিট বাতিল সংক্রান্ত নিয়মে কড়া সংশোধন করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পরে টিকিট বাতিল করলে আর কোনওভাবেই টাকা ফেরত পাবেন না যাত্রীরা। চলতি বছর থেকেই রেল মন্ত্রকের তরফে এই নয়া নীতি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, ট্রেন ছাড়ার মাত্র ৮ ঘণ্টা আগে যদি কোনও যাত্রী টিকিট ক্যানসেল করেন, তাহলে এক টাকাও ফেরত দেওয়া হবে না। এর আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগেও টিকিট বাতিল করলে কিছু টাকা কেটে বাকি অংশ ফেরত পাওয়া যেত। কিন্তু যাত্রীদের শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা রুখতেই এই পরিবর্তন বলে রেলের দাবি (Indian Railways)।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আবার ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করলে যাত্রীরা পাবেন মোট ভাড়ার মাত্র ৫০ শতাংশ। তবে ৮ ঘণ্টার পরে টিকিট বাতিল করলে কোনও অবস্থাতেই টাকা ফেরত মিলবে না। কেন এত কড়া সিদ্ধান্ত? রেল সূত্রে (Indian Railways) জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত II ট্রেন দু’টিই সম্পূর্ণ কনফার্ম সিটের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, এই ট্রেনগুলিতে আরএসি বা ওয়েটিং লিস্টের কোনও ব্যবস্থা নেই। প্রতিটি আসন ১০০ শতাংশ নিশ্চিত থাকায়, শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে সেই আসন আর অন্য যাত্রীকে দেওয়া সম্ভব হয় না। ফলে রেলের রাজস্বে বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এই আর্থিক ক্ষতি ঠেকাতেই এমন কঠোর নিয়ম চালু করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত II ট্রেন যাত্রা শুরু করেছে। যাত্রীদের সুবিধা ও আরামের কথা মাথায় রেখে এই ট্রেনগুলি চালু হলেও, টিকিট বাতিল সংক্রান্ত বিষয়ে এবার অনেক বেশি সতর্ক রেল। রেলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—ভ্রমণের পরিকল্পনা সম্পূর্ণভাবে নিশ্চিত না হলে টিকিট বুক করা থেকে বিরত থাকাই ভালো। নচেৎ, শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে যাত্রীদের (Indian Railways)।
