নিউজপোল ব্যুরো: সকাল থেকেই ছাতা রেডি রাখতে বাধ্য হচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আকাশের ব্যাজার মুখ দেখে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিল, গত কয়েকদিনের ধারা বজায় রেখে আজও শহরে নামবে বৃষ্টি। বেলা বাড়লে বিকেলের আগেই দফায় দফায় ভিজে যেতে পারে তিলোত্তমা। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম আর প্যাচপ্যাচে অস্বস্তি পুরোপুরি পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। আবহাওয়াবিদরা বলছেন, শহরে দিনভর হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টি চললেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের তেজ পুরোপুরি কমবে না।
তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদের দু-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি দুর্যোগ কাটেনি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত পুরো দক্ষিণবঙ্গজুড়েই আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ ও বৃষ্টির পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
