নিউজপোল ব্যুরো: বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আরএসএসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে এমনভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়েছিল, যাতে ধীরে ধীরে রাষ্ট্রবাদ ও দেশপ্রেমের চেতনা হারিয়ে যেতে বসেছিল।
সিলেবাস নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে ভাষার বিকৃতি ঘটানো হয়েছিল। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলা মাধ্যমের সিলেবাসে ‘মা’কে ‘আম্মা’ এবং ‘আকাশ’কে ‘আসমান’ হিসেবে শেখানো হয়েছিল। তাঁর দাবি, এমন শিক্ষা ব্যবস্থা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিন পূর্বতন সরকারের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরির অভিযোগও করেন শুভেন্দু। তাঁর দাবি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র মুসলিম ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেতেন, অন্য ধর্মের পড়ুয়ারা সেই সুবিধা থেকে বঞ্চিত থাকতেন।
সিলেবাসে ঐতিহাসিক ব্যক্তিত্বদের গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। টাটা গোষ্ঠীর ইতিহাস থাকলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দ, ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্বদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তিনি জানান, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রবাদী ও দেশপ্রেমের ভাবনা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছে।
