নিউজপোল ব্যুরো: দেখতে দেখতে শেষ পুজোর দিন। বিজয়া দশমীতে মা দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। তার মধ্যেই সকাল থেকে মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়ায় আবহাওয়ার পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আকাশে মেঘ থাকলেও বিজয়া দশমীতে বৃষ্টির সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের পরিস্থিতি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি থাকলে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবরের পর বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, কিংবা তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তাই আপাতত আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।
