নিউজপোল বাংলা: দেখতে দেখতে শেষ হয়ে গেল দুর্গাপুজোর আনন্দের দিনগুলি। ঢাকের আওয়াজ, আলোর রোশনাই আর মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়ের মধ্যেই এসে গেল বিদায়ের পালা। আজ, মঙ্গলবার বিজয়া দশমী। এদিনই নিয়ম মেনে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন উমা। আবার এক বছরের অপেক্ষা।
দশমী মানেই একদিকে আনন্দ, অন্যদিকে মনখারাপ। সকালে দেবীর বরণ, পুজোর নানা আচার এবং সিঁদুর খেলায় মেতে উঠবেন বহু মহিলা। পান, মিষ্টি ও সিঁদুর দিয়ে দেবীকে বরণ করে নেওয়ার পর শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। অনেকের কাছেই এই মুহূর্ত আবেগের। ঘরের মেয়েকে বিদায় জানানোর মতো করেই মাকে বিদায় জানাবেন ভক্তরা।
দশমীর তিথি ও পুজোর সময় নিয়েও রয়েছে বিশেষ গুরুত্ব। পঞ্জিকা অনুযায়ী, দশমী তিথি শুরু হয়েছে ২০ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ডে। তিথি শেষ হবে ২১ অক্টোবর সকাল ১০টা ৪৬ মিনিট ৪ সেকেন্ডে।
চার দিনের আনন্দ শেষে এবার উমাকে বিদায় জানানোর পালা। বিষাদের সুরেই আপাতত ইতি দুর্গোৎসবের। আর সেই সঙ্গে শুরু আগামী বছরের অপেক্ষা—আবার আসবেন মা, আবার ঢাকের তালে মাতবে বাংলা।
