নিউজ পোল ব্যুরো: ‘কল্কি ২৮৯৮ এডি’র (Kalki 2898 AD) সিকুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) দীর্ঘ দিন ধরে গুঞ্জন চলছিল, নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন ছবির পরবর্তী অধ্যায়ে ফের দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীকে। কিন্তু অবশেষে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিসের আনুষ্ঠানিক ঘোষণায় স্পষ্ট হল, সিকুয়েলের কাস্টে থাকছেন না দীপিকা। সংস্থার তরফে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হয়েছি। ‘কল্কি ২৮৯৮ এডি’ মতো ছবির জন্য যে ধরনের দায়বদ্ধতার প্রয়োজন, সেখানে আমরা একই পথে হাঁটতে পারিনি।” এই ঘোষণার পরেই দুঃখে ভেঙে পড়েছেন অভিনেত্রীর ভক্তরা।
প্রথম ছবির শেষে গল্প যেভাবে শেষ হয়েছিল, দর্শকরা আশা করেছিলেন দীপিকাকে (Dipika Padukone) ছাড়া সিকুয়েল কল্পনা করা সম্ভব নয়। কিন্তু প্রযোজনা সংস্থার বিবৃতির পর ধারণা তৈরি হয়েছে, দীপিকা সম্ভবত সময় দিতে পারছিলেন না বলেই তাঁকে ছাড়া নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পোস্টের শেষে লেখা হয়েছে, “দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”
গত বছরই মা হয়েছেন দীপিকা। মাতৃত্বকালীন ছুটি নিয়ে কিছুদিন সম্পূর্ণ সময় দিয়েছেন সন্তানকে। জানা গিয়েছিল, তিনি সন্তানকে বড় করার জন্য ন্যানি রাখতে চান না, তাই নিজেই দায়িত্ব সামলাচ্ছেন। এই কারণে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের কাজ বারবার পিছিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, কয়েক মাস আগে সন্দীপ রেড্ডি (Sandeep Reddy) বঙ্গার ‘স্পিরিট’ (Spirit) থেকেও বাদ পড়েন তিনি। সেখানেও শর্ত দিয়েছিলেন, দিনে আট ঘণ্টার বেশি শুট করবেন না এবং পারিশ্রমিক ২০ কোটি টাকার নিচে নেবেন না। ফলে প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধ তৈরি হয় এবং শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়।
সব মিলিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেও সাম্প্রতিক সময়ে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে দীপিকার (Dipika Padukone) ক্ষেত্রে। অনুরাগীদের একাংশ মনে করছেন, মাতৃত্বের কারণে তিনি নিজের অগ্রাধিকার বদলেছেন, আবার কেউ কেউ মনে করছেন অতিরিক্ত শর্ত চাপিয়ে দিয়ে তিনি নিজেই সুযোগ হারাচ্ছেন। তবে বিতর্ক যাই থাকুক না কেন, দীপিকার (Dipika Padukone) অনুরাগীরা এখনও আশা ছাড়ছেন না, হয়তো ভবিষ্যতে বড় পর্দায় আরও একবার দেখা যাবে তাঁকে সেই অনবদ্য উপস্থিতি নিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
