Darjeeling: দার্জিলিংয়ে গ্লেনারিসের বার ও মিউজিক তিন মাসের জন্য বন্ধ! কিন্তু প্রশ্ন কেন?

রাজ্য

নিউজ পোল ব্যুরো:শীতের মরশুমে দার্জিলিং ভরে উঠেছে পর্যটকে, আর ঠিক এই সময়েই শৈলশহরের জনপ্রিয় রেস্তরাঁ গ্লেনারিসের বার ও লাইভ মিউজিক পরিষেবা বন্ধের নির্দেশ জারি করল প্রশাসন। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এক্সাইজ দপ্তর সূত্রে জানা গেছে। ফলে বছরের সবচেয়ে ব্যস্ত পর্যটন মরশুম, ক্রিসমাস ও নববর্ষ জুড়ে এই আকর্ষণ থেকে বঞ্চিত হবেন অসংখ্য ভ্রমণপিপাসু।

আরও পড়ুন:Weather Update : জাঁকিয়ে শীতের আগাম বার্তা! কলকাতা থেকে দার্জিলিং—ঠান্ডা ও কুয়াশার সতর্কতা জারি

সূত্রের খবর, বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগেই এই কঠোর পদক্ষেপ। দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক জানান, “নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তাই গ্লেনারিসের বার তিন মাসের জন্য সিল করে দেওয়া হয়েছে।” ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গ্লেনারিসে রয়েছে বার, বেকারি এবং রেস্তরাঁ—এর মধ্যে এবার প্রথমবার বন্ধের নির্দেশে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। গ্লেনারিস-এর কর্ণধার অজয় এডওয়ার্ড এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করেছেন। তার অভিযোগ, “আমাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক রয়েছে। কিন্তু **লাইভ মিউজিক লাইসেন্স** গত এক বছর ধরে ঝুলে রয়েছে। ইচ্ছে করেই এটি আটকে রাখা হয়েছে।” তিনি আরও জানান, “বার বন্ধ রাখার ফলে এই মরশুমে অন্তত দেড় কোটি টাকার ব্যবসা ক্ষতি হবে। কোভিডের সময় যা ক্ষতি হয়েছে, এবার সেই চাপ আরও বাড়বে।”

অজয় এডওয়ার্ডের মূল অভিযোগ দার্জিলিংয়ের পুলিশ সুপারের বিরুদ্ধে। তার কথায়, “লাইভ মিউজিকের জন্য যে অনুমতিপত্রটি পুলিশ সুপারকে সিভিল সার্ভিস দফতরে পাঠানো উচিত ছিল, তা তিনি পাঠাননি। তার ফলেই আজ এই পরিস্থিতি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে গ্লেনারিসের ম্যানেজার অশোক তামাং জানান, প্রশাসনের নির্দেশে মদ্যপান ও লাইভ মিউজিক* পরিষেবা বন্ধ হওয়ায় ক্রিসমাস ও নববর্ষের একাধিক বুকিং বাতিল হচ্ছে। প্রতিদিন যেখানে সঙ্গীত পরিবেশন করেন আটজন শিল্পী, তাঁরাও অনিশ্চয়তার মুখে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ২৫০ কর্মচারী রয়েছেন এবং শীতের মরশুমে আরও ৫০ জন অস্থায়ী কর্মী যোগ দেন—এখন সকলেই বিপাকে। পর্যটন নির্ভর দার্জিলিংয়ে এই নিষেধাজ্ঞা শীতকালীন উপার্জনে বড় ধাক্কা দেবে বলেই মত স্থানীয় ব্যবসায়ীদের।