নিউজ পোল ব্যুরো: ভারতীয় বেসামরিক বিমান চলাচলে যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আগেও। তবে এবার যেন আরেক ধাপ বেড়ে গেল আতঙ্কের মাত্রা। এয়ার ইন্ডিয়ার (Air India) তিরুঅনন্তপুরম (Tiruanantapuram) থেকে দিল্লিগামী AI2455 উড়ানটি যাত্রীদের জন্য রীতিমতো মৃত্যুর মুখোমুখি হয়ে উঠেছিল রবিবার রাতে। ওই বিমানেই ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল (KC Venugopal) সহ আরও একাধিক সাংসদ।
আরও পড়ুন: Indian Army: পুরনো অধ্যায় শেষ, আধুনিক যুদ্ধক্ষেত্রে পা! সেনার জন্য আসছে ২০০টি নতুন হেলিকপ্টার
সূত্রের খবর, রবিবার রাত ৮ টা নাগাদ বিমানটি তিরুঅনন্তপুরম (Tiruanantapuram) থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। কিছুটা দেরিতে উড়াল দিলেও বড় বিপর্যয়ের ইঙ্গিত তখনও কেউ পাননি। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যায় পড়ে বিমানটি। প্রায় এক ঘণ্টা পর, পাইলট পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং গন্তব্য নির্ধারিত হয় চেন্নাই বিমানবন্দর (Chennai Airport)। কিন্তু চেন্নাইয়ের আকাশে যখন অবতরণের শেষ মুহূর্ত চলছে, তখনই চোখে পড়ে ভয়ানক এক দৃশ্য যে রানওয়েতে বিমানটি নামার কথা, সেখানে আগেই দাঁড়িয়ে রয়েছে অন্য একটি বিমান!
তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন পাইলট। শেষ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে বিমানটি আবার উড়ে যায় আকাশে। আরও প্রায় দু’ঘণ্টা বিমান চক্কর কাটতে থাকে, যান্ত্রিক সমস্যাসহ অনিশ্চয়তার ভেতর যাত্রীদের প্রাণ সংশয় দেখা দেয়। অবশেষে সাড়ে দশটার পর রানওয়ে খালি হলে সফলভাবে অবতরণ করানো হয় বিমানটি (Air India)। উড়ানে থাকা কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ আমরা ভাগ্যের জোরে বেঁচে গেছি। কিন্তু এই ঘটনা প্রমাণ করে, যাত্রী সুরক্ষা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যায় না।”
এই ঘটনার পরই উঠছে গুরুতর প্রশ্ন, রানওয়ে ব্যস্ত থাকাকালীন কেনই বা দেওয়া হয়েছিল জরুরি অবতরণের অনুমতি? ডিজিসিএ (DGCA) ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই বিমান সমস্যায় পড়ে, তবে পাইলটদের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
