Indian Army: পুরনো অধ্যায় শেষ, আধুনিক যুদ্ধক্ষেত্রে পা! সেনার জন্য আসছে ২০০টি নতুন হেলিকপ্টার

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় সেনার (Indian Army) আকাশপথে এবার ঘটতে চলেছে এক যুগান্তকারী রদবদল। প্রায় পাঁচ দশকের পুরনো চেতক ও চিতা হেলিকপ্টার (Cheetah-Chetak Helicopter) এবার অবসরের পথে। আধুনিক যুদ্ধকৌশল ও সীমান্তে দিন-রাতের জটিল অভিযানের বাস্তবতায় এই ‘ভিনটেজ’ কপ্টারগুলো আর উপযোগী নয়, এমনই স্পষ্ট বার্তা এসেছে ভারতীয় সেনার (Indian Army) অন্দর থেকে। সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রক এবার নতুন করে গতি এনেছে ২০০টি লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH) কেনার পরিকল্পনায়।

আরও পড়ুন: Amit Shah: ভোটার তালিকায় শুদ্ধি নয় ষড়যন্ত্র? বিরোধীদের অভিযোগে শাহর পালটা প্রশ্নবাণ

নতুন এই হেলিকপ্টারগুলি শুধু সেনা নয়, বায়ুসেনারও (Indian Airforce) শক্তিবৃদ্ধি করবে। ২০০টির মধ্যে ১২০টি যাবে স্থলসেনার আর্মি অ্যাভিয়েশন কোর-এর কাছে এবং বাকি ৮০টি যোগ দেবে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনে। নজরদারি, দ্রুত উদ্ধার অভিযান, অস্ত্র ও সেনা পরিবহণ, যুদ্ধক্ষেত্রে আহতদের নিরাপদে সরিয়ে আনা, এমনকি দুর্যোগে অসামরিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে এই মাল্টিরোল হেলিকপ্টারগুলি।

প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে রিকোয়েস্ট ফর ইনফরমেশন (RFI) প্রকাশ করেছে। প্রাথমিক ভাবে রাশিয়ার কামোভ-২২৭ হেলিকপ্টার কেনার ভাবনা থাকলেও, এখন দেশীয় নির্মাতা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টারও তালিকায় রয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের লক্ষ্যকে সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে, দেশীয় প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে কি না।

উল্লেখ্য, চেতক ও চিতা হেলিকপ্টার প্রথমবার ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) অন্তর্ভুক্ত হয়েছিল ষাট ও সত্তরের দশকে। সিয়াচেন, লাদাখ, কাশ্মীর সহ বহু দুর্গম অঞ্চলে এই কপ্টারগুলো অসীম সাহসিকতার সঙ্গে কাজ করেছে। তবে প্রযুক্তির দিক থেকে এগুলি অনেকটাই পিছিয়ে পড়েছে। বিশেষত ভারত-চিন (India-China) সীমান্তে লাদাখের উত্তেজনার পর সেনার চাহিদা স্পষ্ট আধুনিক, দ্রুতগামী ও বহুমুখী হেলিকপ্টার চাই এখনই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole