নিউজ পোল ব্যুরো: আরজি করের ঘটনার এক বছর। মেয়ের উপর হওয়া অন্যায়ের সুবিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন অভয়ার বাবা-মা। সেই মিছিল ঘিরেই তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। এই অভিযানে নেমেই আহত হয়েছেন অভয়ার মা। পুলিশের বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ। নির্যাতিতার মা অভিযোগ করে বলেছেন, পুলিশের লাঠিচার্জে তাঁর কপাল ফুলেছে, ভেঙ্গে গিয়েছে শাঁখা।
তুমুল অশান্তি তৈরি হয়েছে নবান্ন অভিযান ঘিরে। মহিলা পুলিশের লাঠির আঘাতে আহত হওয়ার অভিযোগ এনেছেন অভয়ার মা। পার্কস্ট্রিটে অভয়ার মা কে লাঠিপেটা করার অভিযোগ। তিনি বলেছেন, “আগে মেয়েকে মেরেছে, এবার আমাদের মারতে চাইছে। এর শেষে দেখে ছাড়ব।” এমনকি নবান্ন পৌঁছাবেন বলেও দৃঢ়প্রতিজ্ঞ অভয়ার মা। মিছিল আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। এদিন রাজনৈতিক পতাকাহীন মিছিলে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা কর্মীরা। অভয়ার মায়ের অভিযোগ নিয়ে শুভেন্দু বলেছেন, “মমতার পুলিশ অভয়ার মা-বাবাকেও মেরেছে। এবার ওরা পাপে ধ্বংস হয়ে যাবে। এটা মমতা বনাম নারীবাহিনীর লড়াই হয়ে দাঁড়িয়েছে।” এই প্রসঙ্গে উল্লেখ্য, শুভেন্দু অধিকারী শুক্রবারই সতর্ক করে বলেছিলেন অভয়ার মা-বাবার নবান্ন অভিযানে পুলিশের হাতে একজনও কেউ আহত হলে আগামী ৭২ ঘণ্টা গোটা বাংলা স্তব্ধ করা হবে। শনিবারে অভয়ার মা আহত হওয়ার পর শুভেন্দু বললেন, “এটা শুধু পুলিশের বর্বরতা নয়, অভয়ার মা-বাবার প্রতি অপমান।”
আরও পড়ুন: Nabanna Abhijan: সাঁতরাগাছিতে উত্তাল নবান্ন অভিযান, ব্যারিকেড টপকে ধ্বনিত হল ‘উই ওয়ান্ট জাস্টিস’
বেলা ১২টা নাগাদ মিছিল পার্কস্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে পুলিশ এগোতে না দিলে ব্যারিকেডের সাম্নেই অবস্থান বিক্ষোভে বসেন অভয়ার বাবা-মা। অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু, অগ্নিমিত্রারা। পুলিশের তরফে অবশ্য মাইকিং করে শান্ত থাকার অনুরোধ জানানো হয় বারবার। “আইন হাতে নেবেন না, সংযত থাকুন”, এ কথা বলা হলেও তাতে কর্ণপাত করছে না আন্দোলনকারীরা। আর তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
