নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে অস্থির পরিস্থিতির আশঙ্কা ঘিরে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেপালের (Nepal) রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে ঘিরে কেউ যেন ঘোলা জলে মাছ ধরতে না পারে, এই বার্তাই বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) প্রশাসনিক বৈঠকের পরে স্পষ্ট ভাষায় দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “কিছু সুযোগসন্ধানী লোক নিজের স্বার্থে রাজ্যভাগ বা জেলাভাগের মতো স্পর্শকাতর ইস্যু উসকে দিতে পারে। এরা ঘোলা জলে মাছ ধরতে চায়। কিন্তু তা মানুষের শান্তিপূর্ণ জীবনকে ব্যাহত করতে দেওয়া হবে না। নিজের দলের লোক হলেও আমি ছাড় দেব না।”
নেপালে (Nepal) সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের রেশ ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গের নানা জেলায় প্রভাব ফেলতে পারে—এমনটাই প্রশাসনিক মহলের আশঙ্কা। কাঠমান্ডুতে চলমান প্রতিবাদ আন্দোলন হিংসার দিকে মোড় নেওয়ায় সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli) পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।
মমতা (Mamata Banerjee) বলেন, “নেপালে বাম সরকার, কিন্তু আমাদের রাজ্যের বামেদের সঙ্গে সেই সম্পর্ক নেই। কেউ যেন এই ইস্যুকে অজুহাত করে নিজের মতলব হাসিল করতে না পারে।” তিনি স্পষ্ট করে দেন, সাম্প্রদায়িকতা, অশান্তি বা রাজনৈতিক সুযোগসন্ধানিতা রাজ্যের মাটিতে বরদাস্ত করা হবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রশাসনিক বৈঠকে শান্তি রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি তিনি একটি কবিতা লিখে বার্তা দেন, “অশান্তির পথে নয়, শান্তির পথেই হোক ভবিষ্যৎ।” বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন জলপাইগুড়ি সফরে। মুখ্যসচিব ফিরে যাবেন কলকাতায়, তবে পরিস্থিতি বিবেচনা করে মমতা বৃহস্পতিবার শহরে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
