নিউজ পোল ব্যুরো: পুজোর আগমুহূর্তে আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে (Siliguri) পৌঁছবেন তিনি, আর পরদিন ১০ সেপ্টেম্বর ডুয়ার্সের (Dooars) মাটিতে আয়োজিত হবে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সভা। এই সভার মঞ্চ থেকেই ডুয়ার্সের চা-বাগান শ্রমিকদের হাতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে তুলে দেবেন বহু প্রতীক্ষিত জমির পাট্টা। যা তাদের নিজেদের জমির স্বপ্নকে বাস্তব করে তুলবে।
আরও পড়ুন: Howrah Sharad Mela :হাওড়াবাসীর জন্য সুখবর! ডুমুরজলায় পুজোর বাজার এখন এক ছাতার নিচে
এই উপলক্ষ্যে মেটেলি ব্লকের একাধিক চা-বাগানে তৃণমূল কংগ্রেসের তরফে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই শোনগাছি, নাকটি ও বাটাইগোল চা-বাগানে পৃথক সভা করে প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে খবর, মাটিয়ালি ব্লকের ৮ জন শ্রমিক সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাত থেকে পাট্টা পাবেন, আর বাকি শ্রমিকদের মধ্যে সেদিনই পাট্টা হস্তান্তর করা হবে।
এই কর্মসূচি ঘিরে শ্রমিক মহলে উচ্ছ্বাস তুঙ্গে। “আমাদের অনেক দিনের দাবি ছিল জমির অধিকার। এবার তা পূরণ হতে চলেছে,” বলছেন স্থানীয় শ্রমিক লক্ষ্মী মুন্ডা ও অঞ্জলি সাবার।তৃণমূল নেত্রী স্নোমিতা কালান্দি জানিয়েছেন, “এই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও স্বনির্ভরতার পথে এক বড়ো পদক্ষেপ।” তৃণমূল নেতৃবৃন্দ বিক্রম রুন্ডা, বুলুচিক বরাইক প্রমুখ এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে দেখছেন। তাদের মতে, জমির পাট্টা পাওয়ার ফলে শ্রমিকরা শুধু মাথার উপর ছাদ পাবেন না, সমাজে সম্মান ও স্থায়ী স্বত্বও অর্জন করবেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বোলপুর, বর্ধমান, ও ঝাড়গ্রাম সফর সেরে এবার ডুয়ার্সের দিকে। তার লক্ষ্য, পুজোর আগে সরকারি পরিষেবাকে পৌঁছে দেওয়া মানুষের দরজায়, বিশেষ করে চা-বাগানের পরিশ্রমী শ্রমিকদের কাছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
