Blinkit: ১০ মিনিটে ডেলিভারি নয় আর! গিগ কর্মী বিতর্কে পিছু হটছে Blinkit

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ভারতে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় অন্যতম পরিচিত নাম Blinkit। তবে সেই জনপ্রিয়তার আড়ালেই দীর্ঘদিন ধরে জমে উঠছিল একাধিক বিতর্ক। এবার সেই বিতর্কের জেরেই Blinkit তাদের বহুল প্রচারিত ১০ মিনিটের ডেলিভারি পরিষেবা বন্ধ করার পথে হাঁটতে চলেছে বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। মূলত গিগ কর্মীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও কাজের চাপ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Science Research: মঙ্গলে ভবিষ্যৎ মানব বসতির লক্ষ্য, প্রাথমিক ধাপে অণুজীব গবেষণা

গত বছরের শেষ দিক থেকেই Blinkit-সহ বিভিন্ন Quick Commerce সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন ডেলিভারি পার্টনাররা। তাদের অভিযোগ, মাত্র ১০ মিনিটের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার চাপের কারণে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সময়মতো ডেলিভারি দিতে গিয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। আবার সামান্য দেরি হলেই কর্মীদের উপর আর্থিক জরিমানা চাপিয়ে দেওয়া হয়, যা তাদের আয়ের উপর মারাত্মক প্রভাব ফেলে।

শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে কাজ করানো, সামাজিক সুরক্ষার অভাব, বিমা ও পিএফ না থাকা—এই সব সমস্যাও গিগ কর্মীদের অসন্তোষের বড় কারণ। কর্মীদের দাবি, কারণ না দেখিয়ে ছাঁটাই বন্ধ করতে হবে এবং তাদের শ্রমের স্বীকৃতি হিসেবে মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলি তুলে ধরতেই সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার ধর্মঘটে শামিল হয়েছেন গিগ ওয়ারকার্স ও প্লাটফর্ম ওয়ারকার্স।

এই বিষয়টি নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনেও তীব্র আলোচনা হয়। আপ সাংসদ **রাঘব চাড্ডা** গিগ কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে সরব হন এবং Blinkit, Swiggy, Zomato, Zepto, Amazon ও Flipkart-এর মতো সংস্থার ডেলিভারি কর্মীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। এমন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য ১০০ দিনের কাজের আদলে একটি নতুন প্রকল্প চালুর ইঙ্গিত দেয়। এই প্রকল্পের আওতায় আধার রেজিস্ট্রেশন, ডিজিটাল আইডেন্টিটি কার্ড এবং সোশ্যাল সিকিউরিটি কোড -এর সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। এই উদ্যোগকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এই পটভূমিতেই Blinkit-এর ১০ মিনিটের ডেলিভারি পরিষেবা বন্ধের খবর সামনে এসেছে। যদিও এখনও সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা গিগ অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। এখন দেখার, কবে এবং কীভাবে Blinkit তাদের ভবিষ্যৎ রূপরেখা প্রকাশ করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole