নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগেই বাংলার রেল যোগাযোগে বড় চমক দিতে চলেছে কেন্দ্র। অত্যাধুনিক বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express) খুব শীঘ্রই ছুটতে পারে হাওড়া থেকে কামাখ্যা রুটে (Howrah Kamakhya Vande Bharat)। রেল সূত্রের খবর, আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তার আগেই হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের (Howrah Kamakhya Vande Bharat) সম্ভাব্য টাইমটেবিল প্রকাশ করেছে ভারতীয় রেল।
আরও পড়ুন : Weather Update : শীতের দাপটে কাঁপছে বাংলা, কুয়াশার সতর্কতা জারি—কবে মিলবে ঠান্ডা থেকে স্বস্তি?

রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে ছ’দিন এই প্রিমিয়াম ট্রেনটি হাওড়া ও কামাখ্যার মধ্যে চলবে (Howrah Kamakhya Vande Bharat)। হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করবে ট্রেনটি এবং পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। বিপরীত দিকে, কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে। রেলের দাবি, অন্যান্য দীর্ঘপথের ট্রেনের তুলনায় এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Sleeper Express) যাত্রার সময় উল্লেখযোগ্য ভাবে কম হবে। দীর্ঘ যাত্রাপথে মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। হাওড়া ছাড়ার পর প্রথম স্টপেজ হবে ব্যান্ডেল। এরপর নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে ছাড়ার পরেও একই স্টেশনগুলিতে ট্রেনটি থামবে। তবে জানা গিয়েছে, কামাখ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার এই ট্রেন চলবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার সেই প্রযুক্তির স্লিপার সংস্করণ ট্র্যাকে নামতে চলেছে। ১৬ কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকবে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে ৮০০ জনেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। ভাড়ার ক্ষেত্রেও যাত্রীদের জন্য সুখবর রয়েছে। খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া প্রায় ২,৩০০ টাকা, সেকেন্ড এসিতে ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসিতে ৩,৬০০ টাকা হতে পারে। পাশাপাশি কবচ নিরাপত্তা ব্যবস্থা, এমার্জেন্সি টক-ব্যাক সিস্টেমসহ একাধিক আধুনিক সুবিধা মিলবে এই ট্রেনে। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগে নতুন দিগন্ত খুলতে চলেছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)।
