India Post Holiday Delivery : রবিবার থেকে কলকাতায় ‘হলিডে ডেলিভারি’, ছুটির দিনেও পৌঁছাবে চিঠি ও পার্সেল

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ছুটির দিন মানেই বিশ্রাম—এই ধারণাকে ভেঙে নতুন পথে হাঁটতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। রবিবার থেকেই কলকাতা শহরে শুরু হচ্ছে ‘হলিডে ডেলিভারি’ পরিষেবা (India Post Holiday Delivery)। শুধু রবিবার নয়, ২৬ জানুয়ারি, ১ মে কিংবা ১৫ অগস্টের মতো জাতীয় ছুটির দিনেও আর থেমে থাকবে না চিঠি ও পার্সেলের গতি। দেশের অন্য পাঁচটি মেট্রো শহরের আদলে এবার কলকাতাতেও চালু হচ্ছে এই বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেলের দফতর থেকে সংশ্লিষ্ট শাখাগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই পরিষেবার জন্য কলকাতা (Kolkata) শহরের মোট ৪২টি জায়গাকে ‘হাব’ হিসেবে চিহ্নিত করেছে ডাক বিভাগ। এর মধ্যে ৩৪টি হাব থেকে নথি ও পার্সেল দুটোই পাঠানো হবে, আর বাকি ৮টি হাব থেকে যাবে শুধু পার্সেল (India Post Holiday Delivery)। এই তালিকা পৌঁছে গিয়েছে কলকাতা জিপিও, যোগাযোগ ভবন এবং বিমানবন্দর সংলগ্ন ডাক দফতরগুলিতে। আপাতত পরিষেবা শুধুমাত্র কলকাতা শহরেই সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে শহরতলি ও অন্যান্য এলাকায় সম্প্রসারণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডাক কর্তারা (India Post Holiday Delivery)।

আরও পড়ুন : Vande Bharat Sleeper Express : ভোটের আগেই বাংলায় বন্দে ভারত স্লিপার! হাওড়া–কামাখ্যা রুটে টাইমটেবিল, স্টপেজ ও ভাড়ার বিস্তারিত প্রকাশ

কেন এই সিদ্ধান্ত? কলকাতা (Kolkata) জিপিও-র এক আধিকারিকের কথায়, অনলাইন ব্যবসার দ্রুত বিস্তারের ফলে গত কয়েক বছরে ডেলিভারি ব্যবস্থার উপর চাপ অনেক বেড়েছে। পাশাপাশি বেসরকারি কুরিয়ার সংস্থার সঙ্গে প্রতিযোগিতাও তীব্র হয়েছে। সেই কারণেই প্রায় দেড় বছর ধরে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল, যা অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে। নতুন রেশন কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডির মতো গুরুত্বপূর্ণ নথি আজও মূলত পোস্ট অফিসের মাধ্যমেই মানুষের হাতে পৌঁছয়। ডাক বিভাগের দাবি, গত এক দশকে সরকারি ও বাণিজ্যিক দফতর থেকে পাঠানো চিঠির সংখ্যা বিপুল হারে বেড়েছে। কলকাতা জিপিও সূত্রে জানা যাচ্ছে, শুধু সোমবার দিনেই অফিসপাড়াগুলিতে গড়ে ১৬ থেকে ১৮ হাজার চিঠি বিলি হয়। মঙ্গল থেকে শুক্রবার সেই সংখ্যা থাকে ১০ থেকে ১২ হাজারের মধ্যে। এর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে পার্সেল ডেলিভারির পরিমাণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

স্পিড পোস্ট পরিষেবাকে আরও মসৃণ করতেই এই উদ্যোগ। ২৪ ঘণ্টার স্পিড পোস্টে নথি ও পার্সেল দুটোই পৌঁছবে, আর ৪৮ ঘণ্টার পরিষেবায় পাঠানো হবে শুধু নথি। ইতিমধ্যে একাধিক অনলাইন বাণিজ্য সংস্থার সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ডাক (India Post Holiday Delivery)। কোভিড-উত্তর সময়ে অনলাইনে কেনাকাটার হার গড়ে বছরে ৭–৮ শতাংশ বেড়েছে বলেও দাবি কর্তৃপক্ষের। যোগাযোগ ভবনের এক শীর্ষ আধিকারিকের মতে, আগামী এক দশকে অনলাইন ব্যবসা বহু গুণ বাড়তে পারে। সেই ভবিষ্যতের প্রস্তুতিতেই রবিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ডাক বিভাগের ‘হলিডে ডেলিভারি’ পরিষেবা (India Post Holiday Delivery)।