Nipah Virus : বারাসতে নিপা ভাইরাসের থাবা! রাজ্য সরকার সতর্কতা জারি

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: নতুন করে ফের বাংলায় আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। উত্তর ২৪ পরগনার বারাসতে দু’জনের শরীরে এই মারাত্মক ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি মিলেছে বলে খবর। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আতঙ্কের পাশাপাশি প্রয়োজন সঠিক তথ্য জানা—এই নিপা ভাইরাস (Nipah Virus) আসলে কী, কীভাবে মানবদেহে আক্রমণ করে এবং কোন কোন লক্ষণ দেখা দেয়।

আরও পড়ুন : Cute Saraswati Idol : সাবেকি ছাঁচ ভেঙে কুমোরটুলিতে ‘কিউট’ সরস্বতী, আধুনিক রূপে বিদ্যাদেবীর আরাধনা

নিপা ভাইরাস (Nipah Virus) মূলত একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ যা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। বিশেষ করে ফলখেকো বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক বলে জানা যায়। বাদুড়ের লালা বা বিষ্ঠায় সংক্রমিত ফল খেলে মানুষ সহজেই আক্রান্ত হতে পারেন। পাশাপাশি আক্রান্ত শূকরের সংস্পর্শে এলে বা সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি থাকলেও এই রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। একবার শরীরে প্রবেশ করলে ভাইরাস দ্রুত স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং গুরুতর জটিলতা তৈরি করে। নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত হলে প্রথম দিকে জ্বর, প্রবল মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি ভাব, পেশিতে ব্যথা, কথা জড়িয়ে যাওয়া বা মুখের পেশি শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর বাড়ার সঙ্গে সঙ্গে বিভ্রান্তি, স্মৃতিভ্রংশ, খিঁচুনি এবং এনসেফেলাইটিসের লক্ষণ প্রকাশ পায়। অবস্থার অবনতি হলে রোগী কোমাতেও চলে যেতে পারেন। পরিসংখ্যান অনুযায়ী, এই রোগে মৃত্যুহার অত্যন্ত বেশি—প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দুঃখজনক হলেও সত্য, নিপা ভাইরাসের (Nipah Virus) কোনও নির্দিষ্ট প্রতিষেধক বা কার্যকর ওষুধ এখনও নেই। চিকিৎসা মূলত উপসর্গের ওপর নির্ভরশীল। গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাযুক্ত আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয়। কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা ‘রিবাভিরিন’ জাতীয় অ্যান্টিভাইরাল ব্যবহার করে সাফল্যের দাবি করলেও তা এখনও নিশ্চিত চিকিৎসা হিসেবে স্বীকৃত নয়। এই রোগ প্রতিরোধের জন্য সতর্কতাই সবচেয়ে বড় অস্ত্র। বাদুড় বা শূকরের সংস্পর্শ এড়িয়ে চলা, বাদুড়ে খাওয়া বা বিষ্ঠা লেগে থাকা ফল না খাওয়া, কাটা ফল ও খোলা ফলের রস পরিহার করা অত্যন্ত জরুরি। খেজুর বা তালের কাঁচা রস থেকেও দূরে থাকা উচিত। অতীতে মালয়েশিয়া, শিলিগুড়ি, নদিয়া ও কেরলের অভিজ্ঞতা দেখিয়েছে—সচেতনতা ও দ্রুত ব্যবস্থা না নিলে নিপা ভাইরাস (Nipah Virus) প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও সাবধানতাই এখন সবচেয়ে প্রয়োজন।