নিউজ পোল ব্যুরো: বাঙালির পুজো-আচ্চা কেবল বিশ্বাস আর ভক্তির মধ্যেই আটকে নেই—এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শিল্পচর্চা, নান্দনিকতা আর সময়ের সঙ্গে বদলে যাওয়ার সাহস। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেবদেবীর রূপেও যে পরিবর্তন আসে, তার প্রমাণ বারবার দিয়েছে বাঙালি সমাজ। কখনও থিমে, কখনও ভাবনায়, কখনও আবার মূর্তির আদলে অভিনবত্ব এনেছেন শিল্পীরা। সেই ধারাবাহিকতাতেই এবার সরস্বতী পুজোয় নতুন চমক নিয়ে হাজির কুমোরটুলির মৃৎশিল্পীরা—‘কিউট’ সরস্বতী (Cute Saraswati Idol)।
আরও পড়ুন : Kitchen Series : কলকাতায় ঘরোয়া রান্নার আনন্দের নতুন মঞ্চ ‘চাউম্যান কিচেন ডায়েরিজ’
সাবেকি গম্ভীর মুখ, শ্বেত বা পীতবসনা শান্ত মূর্তির বাইরে গিয়ে এবার বাগদেবীর রূপে এসেছে একরাশ মিষ্টতা। একটু ফোলা গাল, সামান্য চাপা নাক, ছোট ছোট হাতের বীণা আর খুদে পায়ের কাছে হাঁসের ছানা—সব মিলিয়ে এই সরস্বতী যেন শিশুদের আপন করে টানবে। দেবীর এই আদুরে রূপ দেখে ছোটদের ভয় নয়, বরং উৎসাহই বাড়বে বলে মনে করছেন শিল্পীরা। তাই এবছর কুমোরপাড়ায় কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে (Cute Saraswati Idol)। সময়মতো মণ্ডপে মণ্ডপে মূর্তি পৌঁছে দিতে রীতিমতো ব্যস্ত তারা। এই অভিনব ভাবনার অন্যতম কারিগর কুমোরটুলির (Kumortuli Artists) খ্যাতনামা শিল্পী দীপঙ্কর পাল। দুর্গাপুজোয় কলকাতার (Kolkata) একাধিক নামী পুজোয় তার তৈরি প্রতিমা আগেও নজর কেড়েছে। তবে সরস্বতী পুজোয় তার সবচেয়ে আলোচিত সৃষ্টি ছিল গত বছর মধ্য কলকাতার চোরবাগানের একটি মূর্তি। সেখানেই প্রথম প্রকাশ্যে আসে কিউট সরস্বতীর ধারণা। আলাদা মুখাবয়ব, ঘরোয়া ভঙ্গি আর নতুনভাবে ভাবা হাঁস—সব মিলিয়ে সেই মূর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হয়ে পড়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এরপর আসানসোলে কিউট দুর্গা এবং চলতি বছরে আবার কুমোরটুলিতে একের পর এক কিউট সরস্বতীর আবির্ভাব প্রমাণ করে দিচ্ছে, বাঙালি দর্শক নতুনত্বকে আপন করে নিতে প্রস্তুত (Cute Saraswati Idol)। যদিও শিল্পী দীপঙ্কর পালের মতে, কোনও একটি স্টাইল আঁকড়ে ধরে থাকা সৃষ্টিশীলতার পথে বাধা। তাই জনপ্রিয়তার মাঝেই তিনি আবার নতুন ছাঁচের খোঁজে। দুর্গা বা কালীপুজোর মতো সরস্বতী পুজোয় এতদিন থিমের আধিক্য না থাকলেও, কিউট সরস্বতীর হাত ধরে এবার বিদ্যাদেবীর আরাধনাও যে নতুন উদ্দীপনায় ভরে উঠবে, সে আশা রাখছেন কুমোরটুলির শিল্পীমহল (Cute Saraswati Idol)।
