নিউজ পোল ব্যুরো: অনুর্বর লালগ্রহ কি এক দিন সবুজে ভরে উঠতে পারে? এই প্রশ্ন ঘিরেই বহু বছর ধরে কৌতূহল ও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মানুষের বসবাসের অযোগ্য মঙ্গলকে কী ভাবে ধীরে ধীরে বাসযোগ্য করে তোলা যেতে পারে, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা, বিশেষ করে নাসা।
বর্তমানে মঙ্গল গ্রহকে বাসযোগ্য বলা যায় না। সেখানে তীব্র শীত, প্রবল শুষ্কতা এবং অত্যন্ত পাতলা বায়ুমণ্ডল রয়েছে। জল প্রায় নেই বললেই চলে, ফলে জীবনের অস্তিত্বও অসম্ভব। তবে গবেষণায় জানা গিয়েছে, বহু কোটি বছর আগে মঙ্গল আজকের মতো ছিল না। তখন গ্রহটি তুলনামূলক উষ্ণ ছিল এবং সেখানে জল প্রবাহের অস্তিত্বও ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেই প্রাচীন পরিবেশ ফিরিয়ে আনার ভাবনাই এখন গবেষণার মূল লক্ষ্য বিজ্ঞানীদের একাংশের মতে, পৃথিবীর কিছু শক্তিশালী অণুজীব মঙ্গলকে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই অণুজীবগুলি মঙ্গলের চরম আবহাওয়া সহ্য করতে সক্ষম এবং বেঁচে থাকলে তারা অক্সিজেন নির্গত করতে পারে। অক্সিজেন উৎপন্ন হলে ধীরে ধীরে ঘন হতে পারে মঙ্গলের বায়ুমণ্ডল, যা ভবিষ্যতে মানুষের বসবাসের পথ খুলে দিতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, কিছু বিশেষ ব্যাকটিরিয়া মঙ্গলের মাটিকে শক্ত করতে পারে। যেমন Sporosarcina pasteurii নামের একটি ব্যাকটিরিয়া ক্যালশিয়াম কার্বনেট তৈরি করে মাটিকে কংক্রিটের মতো দৃঢ় করে তুলতে পারে। এর ফলে মঙ্গলে নির্মাণকাজের জন্য পৃথিবী থেকে আলাদা করে উপকরণ নিয়ে যাওয়ার প্রয়োজন কমে আসতে পারে। অন্য দিকে, Chroococcidiopsis নামের অণুজীবটি চরম পরিবেশে বেঁচে থেকে অক্সিজেন ছাড়তে সক্ষম হতে পারে বলে আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলের দক্ষিণ মেরু অঞ্চলে যে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড রয়েছে, তা অণুজীবের বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এই গ্যাস ব্যবহার করে তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবে এবং ধীরে ধীরে পরিবেশ বদলাতে সাহায্য করবে। তবে গবেষকরা স্পষ্ট জানাচ্ছেন, এই পরিবর্তন এক দিনে সম্ভব নয়। মঙ্গলকে বাসযোগ্য করে তুলতে লাগতে পারে শতাধিক বছর। প্রাথমিক পর্যায়ে সেখানে মানুষের বসবাস হবে সীমিত পরিসরে, সম্ভবত মাটির নীচে তৈরি ঘাঁটিতে বা কাচের গম্বুজে ঘেরা আবাসনে। পৃথিবীর মতো মুক্ত পরিবেশে হাঁটা চলা করতে হলে বায়ুমণ্ডলকে ঘন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায়, মঙ্গলকে বাসযোগ্য করে তোলার ভাবনা এখনই বাস্তব নয়, তবে ভবিষ্যতের কথা ভেবেই বিজ্ঞানীরা আজ থেকে পরিকল্পনা সাজাচ্ছেন। লালগ্রহ এক দিন সত্যিই সবুজ হয়ে উঠবে কি না, তার উত্তর দেবে সময়ই।
