নিউজ পোল ব্যুরো: প্রায় তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল ১৬৮ বছরের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবনিযুক্ত উপাচার্য আশুতোষ ঘোষ। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানালেন, সংঘাত নয়, ঐক্যের মধ্য দিয়েই তিনি এগিয়ে নিতে চান বিশ্ববিদ্যালয়কে। তাঁর কথায়, “আমার মেরুদণ্ড সোজা না বাঁকা, সেটা নিয়ে আমি ভাবি না। আমি কারও সঙ্গে সংঘাতে যাব না। সব পক্ষকে সঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথে হাঁটব।”
আরও পড়ুন:Jadavpur University event:বামপন্থী বিদ্বজ্জনদের নতুন মঞ্চে ‘পরিবর্তন’ শব্দের বদলে ‘বিকল্প’!
দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও আচার্য তথা রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই জট কেটে বুধবার রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা হয় আচার্যের অনুমোদনে। প্রথম দায়িত্ব নেন আশুতোষ ঘোষ, যিনি ২০১৬-১৭ সালেও কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)-এর অস্থায়ী উপাচার্যের দায়িত্ব সামলেছিলেন। তিনি জানান, পঠনপাঠনের মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ এবং হস্টেল সংস্কারের মতো মৌলিক বিষয়ে তাঁর বিশেষ নজর থাকবে।
গত কয়েক বছরে আন্তর্জাতিক ও জাতীয় র্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) ক্রমশ পিছিয়ে পড়েছে। ২০১৬-১৭ সালে গবেষণা ক্ষেত্রে এনআইআরএফ র্যাঙ্ক ছিল ১২-১৩, বর্তমানে তা নেমে এসেছে ৩৯-এ। ২০১৬ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নাক (NAAC) পরিদর্শন হয়নি, যা ফের শুরু করার পরিকল্পনা করছেন আশুতোষ। তাঁর মতে, শিক্ষকের ঘাটতিই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবনতির মূল কারণ। তিনি জানান, “৫০ শতাংশেরও বেশি শিক্ষক পদ খালি। এই অবস্থায় উৎকর্ষ বজায় রাখা কঠিন। দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।”
পরিসংখ্যান বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)-এ শেষ অধ্যাপক নিয়োগ হয়েছিল ২০১৭-১৮ সালে। বর্তমানে প্রায় ৫৯ শতাংশ শিক্ষক পদ খালি। প্রশাসনিক ক্ষেত্রেও ঘাটতি ৩০-৪০ শতাংশ। এমনকি স্থায়ী শিক্ষাকর্মী পদে শেষ নিয়োগ হয়েছিল ২০০৭-০৮ সালে, যেখানে এখন প্রায় ৭০ শতাংশ পদ শূন্য। আশুতোষ ঘোষ জানিয়েছেন, শূন্যপদ পূরণের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নতুন কোর্স চালুর পরিকল্পনা চলছে, যাতে পড়ুয়ারা আরও বেশি করে বিশ্ববিদ্যালয় ও কলেজমুখী হন। পড়ুয়াদের অভিভাবক হিসেবেই তাঁদের পাশে থাকতে চান বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য, যিনি নতুন করে আশার আলো দেখাতে চান কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)-এর ভবিষ্যৎকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
