Shah Rukh Khan: ‘মন্নতে’ থাকছেন না? জন্মদিনে অনুরাগীদের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি শাহরুখ খানের

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২ নভেম্বর, বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)-এর ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে বান্দ্রার সমুদ্রতীরবর্তী রাজপ্রাসাদ ‘মন্নত’-এর সামনে জমে ওঠে উৎসবের আমেজ। হাজার হাজার অনুরাগী অপেক্ষা করেন তাঁদের প্রিয় তারকার এক ঝলক দর্শনের আশায়। কখনও দু’হাত ছড়িয়ে তাঁর স্বাক্ষর ভঙ্গি, কখনও হাত নেড়ে শুভেচ্ছা— এই কয়েক মুহূর্তই যেন অনুরাগীদের বছরের সঞ্চয়। তবে এ বছর শোনা যাচ্ছিল, ‘মন্নতে’ থাকছেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। সপরিবারে আলিবাগে গিয়ে নাকি জন্মদিন পালন করবেন তিনি। এই খবরে হতাশ হয়েছিল অনুরাগীরা।

আরও পড়ুন:Calcutta University: ‘সব পক্ষকে নিয়ে চলব’, উপাচার্য হিসেবে নতুন দিশা দেখাতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ

কিন্তু ঠিক তখনই খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) নিজেই দিলেন সুখবর। ‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি তাঁকে প্রশ্ন করেছিলেন, “স্যর, এ বছর কি মন্নতে দেখা দিতে আসবেন?” উত্তরে শাহরুখের জবাব, “হ্যাঁ, আসব তো! শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।” তাঁর এই রসিক উত্তর মুহূর্তেই ভাইরাল। জানা গিয়েছে, বর্তমানে ‘মন্নত’-এ সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে। সেই কারণেই পরিবারের সঙ্গে অস্থায়ীভাবে ভাড়ার ফ্ল্যাটে রয়েছেন অভিনেতা। টুপির প্রসঙ্গ টেনে শাহরুখ খান (Shah Rukh Khan) হাস্যরসের মাধ্যমে জানিয়ে দিলেন, অনুরাগীদের হতাশ করবেন না।

প্রতি বছর শাহরুখের জন্মদিনে ‘মন্নত’-এর সামনে জমে যায় হাজার হাজার অনুরাগী। কেউ কেক কাটেন, কেউ পোস্টার উড়িয়ে দেন, কেউ আবার চোখ ভিজিয়ে ওঠেন বাদশার এক ঝলক দেখেই। অভিনেতা নিজেও বারবার জানিয়েছেন, তাঁর জন্মদিন আসলে আর তাঁর একার নয়— এটি এখন মানুষের উৎসব। তাঁর কথায়, “আমার জন্মদিন আমার অনুরাগীদের। আমি শুধু তাঁদের আনন্দে অংশ নিই।” তাই প্রতি বছরই তিনি ‘মন্নত’-এর বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানান, কখনও নীরবে, কখনও চুম্বন ছুঁড়ে।

৬০ বছরে পা রাখলেও শাহরুখ খান (Shah Rukh Khan)-এর তারুণ্য, প্রাণশক্তি আর অনুরাগীদের প্রতি ভালোবাসা আজও অপরিবর্তিত। সিনেমার পর্দায় তিনি যতটা রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই মাটির মানুষ। তাই তাঁর এক হাসি, এক অভিবাদন, কিংবা একটিমাত্র টুইটেই প্রাণ ফিরে পায় ভক্তমহল। জন্মদিনে সেই আশাতেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী— তাঁদের প্রিয় শাহরুখ খান (Shah Rukh Khan)-এর এক ঝলক দর্শনের জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole