নিউজপোল ব্যুরো: সামনেই দুর্গাপুজো। তার আগে শহরজুড়ে চলছে একের পর এক অভিযান। এবার নজরে ওষুধের বাজার। বুধবার সকাল থেকে কলকাতার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে যৌথ অভিযান চালাল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। একাধিক ওষুধের দোকানে হানা দিয়ে খতিয়ে দেখা হয় বিভিন্ন নথি ও ওষুধের গুণমান।
জানা গিয়েছে, দোকানে থাকা ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি ওষুধের মেয়াদ ঠিক রয়েছে কিনা, প্রয়োজনীয় নথিপত্র রয়েছে কিনা এবং কোনও নিষিদ্ধ বা জাল ওষুধ বিক্রি হচ্ছে কিনা, সেদিকেও নজর দেওয়া হয়। সাধারণ মানুষ যাতে কোনওভাবে প্রতারিত না হন, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আরও দেখুন:- অগ্নিকান্ডের পর কড়া নজরদারি কৌশিকী অমাবস্যায় নিরাপত্তা চাদরে তারাপীঠ
বড়বাজারের মেহতা বিল্ডিং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধের পাইকারি বাজার। এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওষুধ সরবরাহ করা হয়। ফলে এই বাজারে কোনও ভেজাল বা জাল ওষুধের কারবার থাকলে তার প্রভাব বহু জায়গায় পড়তে পারে। সেই কারণেই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
খাবারের গুণমান নিয়ে অভিযানের পর এবার ওষুধের বাজারেও কড়া নজর প্রশাসনের। পুজোর আগে শহরে আরও অভিযান চলবে কিনা, এখন সেদিকেই নজর।
