পানের বরজে রহস্যজনকভাবে মহিলার দেহ উদ্ধার, ময়নায় চাঞ্চল্য

অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো: ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন পানের বরজ থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী। বয়স আনুমানিক ৪৭ বছর। তাঁর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামেই। স্থানীয় বাসিন্দা অরূপ জানা প্রতিদিনের মতো সকালে নিজের পানের বরজে গেলে সেখানে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল বলে জানা যায়। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত ময়না থানায় খবর দেন।

আরও দেখুন :-বড়বাজারে ভেজাল ওষুধের খোঁজে হানা, ড্রাগ কন্ট্রোল ও পুলিশের যৌথ অভিযান

খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে।

স্থানীয় সূত্রের দাবি, রাধারানী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে কীভাবে তিনি ওই পানের বরজে পৌঁছলেন এবং তাঁর মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

ঘটনার প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে ময়না থানার পুলিশ।