২১-এর আগে মহা ধাক্কা! দুই শিবিরের কাউকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না লালবাজার

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ২১ জুলাই ঘিরে এবার রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন ঐতিহাসিক চমক। বহু বছর ধরে যে ধর্মতলা তৃণমূলের শহিদ দিবসের প্রধান মঞ্চ হিসেবে পরিচিত, সেই জায়গাতেই এবার সভা করার অনুমতি মিলল না। আদালতের নির্দেশের পর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা।

জানা গিয়েছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূলকেও ধর্মতলায় সভার অনুমতি দেওয়া হয়নি। কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২১ জুলাই ধর্মতলায় কোনও রাজনৈতিক দলকেই সভা করার অনুমতি দেওয়া হবে না।

এই সিদ্ধান্তের পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, তার কারণ আদালতই বলতে পারবে। অতীতে বিভিন্ন দল আদালতের অনুমতি নিয়ে সভা করেছে, আবার অনেক সময় অনুমতিও পায়নি। গত তিন দশকেরও বেশি সময় ধরে কয়েকটি বছর বাদ দিলে ধর্মতলাতেই ২১ জুলাইয়ের সভা করেছে তৃণমূল। তবে ২০১১ সালে ব্রিগেডে, ২০১৩ সালে এবং করোনা পরিস্থিতির কারণে ২০২০ ও ২০২১ সালে ধর্মতলায় সভা হয়নি। এই মামলার সূত্রপাত হাইকোর্টের একটি পুরনো নির্দেশ ঘিরে। গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ সময় বন্ধ করে সভা না করার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। সেই নির্দেশ অমান্যের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়। এরপর আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়ার নির্দেশ দেয়। সেই মামলার শুনানির পরই এবার ২১ জুলাই ধর্মতলায় সভার অনুমতি দেওয়া হয়নি।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের বহু বছরের ঐতিহ্যবাহী ২১ জুলাইয়ের কর্মসূচি এবার কোথায় হবে? দল কি নতুন জায়গা ঘোষণা করবে, নাকি আইনি পথে আবার অনুমতির চেষ্টা করবে?