সন্ধ্যার আগেই প্রকৃতির রুদ্ররূপ! বজ্রের তাণ্ডবে কাঁপবে কলকাতা, কমলা সতর্কতায় থমথমে পরিবেশ বাংলায়

breakingnews আবহাওয়া শহর

নিউজপোল ব্যুরো: বিকেল হওয়ার আগেই তিলোত্তমার বুকে নামতে চলেছে এক হাড়হিম করা প্রাকৃতিক দুর্যোগ, যার জেরে এক মুহূর্তে ওলটপালট হয়ে যেতে পারে ব্যস্ত শহরের চেনা ছন্দ!

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। শুধু এই জেলাগুলিই নয়, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং মালদহ জেলাতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তরবঙ্গের ওপর সক্রিয় আরেকটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলেই হঠাৎ করে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়ের প্রভাব আরও বেশি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের পাশে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।বিকেলের পর থেকে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই বাড়ি ফেরার পথে সতর্ক থাকুন কর্ম যাত্রীরা এবং আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলুন। কয়েক ঘণ্টার এই দুর্যোগ স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে ও বদলে দিতে পারে শহরের একাধিক পরিবেশ।