কালো মেঘে ঢাকল আকাশ! কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভয়ংকর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, জারি হল হলুদ অ্যালার্ট

breakingnews আবহাওয়া

নিউজপোল ব্যুরো: দুপুর গড়াতেই যেন বদলে যেতে শুরু করেছে আকাশের মেজাজ। আবহাওয়াবিদদের আশঙ্কা, বিকেল নামার আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি। তাই এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।

আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ আশপাশের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘ দ্রুত তৈরি হচ্ছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কলকাতার বিভিন্ন এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। অনেক জায়গায় অল্প সময়ের মধ্যেই রাস্তা ভিজে যেতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের পাশে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ২ থেকে ৩ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। যারা রাস্তায় রয়েছেন, তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের ধারে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর।