নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালকে ঘিরে অভিযোগ উঠেছে, গত বছরের জুলাই মাস থেকে বিপুল সংখ্যক জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার অনেকগুলিই নাকি বেআইনিভাবে দেওয়া হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই স্বাস্থ্য দফতর ও প্রশাসনের নজর পড়েছে গোটা ঘটনার দিকে।
অভিযোগ অনুযায়ী, খড়গ্রাম ব্লকের স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর বিরুদ্ধে নিয়ম না মেনে বহু বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে। আরও দাবি করা হয়েছে, যাঁরা এই শংসাপত্র পেয়েছেন তাঁদের অনেকেই খড়গ্রাম এলাকার বাসিন্দা নন। কারও ঠিকানা নদিয়া, কারও হুগলি, আবার কারও উত্তর ২৪ পরগনা বলে উল্লেখ রয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এই কারণে যে, অন্য জেলার বাসিন্দারা কীভাবে খড়গ্রাম হাসপাতাল থেকে জন্ম শংসাপত্র পেলেন। অভিযোগে আরও বলা হয়েছে, শুধু সাম্প্রতিক সময় নয়, ১৯৭২, ১৯৮০, ১৯৯৯, ২০০০-সহ বহু পুরনো বছরের জন্মের জন্যও নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ফলে গোটা বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
অভিযুক্ত BMOH অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেননি বা এড়িয়েও যাননি। তাঁর বক্তব্য, যদি কোনও অনিয়ম হয়ে থাকে, তাহলে নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে যা সত্যি প্রমাণিত হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কীভাবে এই সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে, নিয়ম মানা হয়েছিল কি না এবং কোনও বেআইনি কাজ হয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর স্থানীয় মানুষও উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্তে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
