নিউজ পোল ব্যুরো: জ্বালানির দামে (Petrol Diesel Price Hike) ফের ধাক্কা খেল দেশবাসী। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। এর আগে ১৫ মে লিটার প্রতি ৩ টাকা করে মূল্যবৃদ্ধি করা হয়েছিল। তখনই আশঙ্কা করা হচ্ছিল, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকলে দেশে জ্বালানির দাম আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই এবার বাস্তবে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কার্যকর হওয়া নতুন দরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Hike) লিটার প্রতি প্রায় ৯০ পয়সা পর্যন্ত বেড়েছে।
নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজেল ৯৬ টাকা ১১ পয়সা প্রতি লিটার।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিই (Petrol Diesel Price Hike) এই পরিস্থিতির মূল কারণ। পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার উত্তেজনা, হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়েছে। ফলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
