তৃণমূল ভাঙনের মাঝেই মমতার বিস্ফোরক লাইভ! শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি, ২১ জুলাই নিয়ে ছুড়লেন বড় চ্যালেঞ্জ!

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দীর্ঘদিনের নীরবতার পর ফেসবুক লাইভে এসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বর্তমান পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর ভূমিকা এবং ২১ জুলাইয়ের কর্মসূচি— সবকিছু নিয়েই একের পর এক মন্তব্য করেন তিনি।

লাইভে মমতা বলেন, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই তাঁকে শুভেচ্ছা জানাতেই পারেন। তবে তিনি মনে করিয়ে দেন, একসময় শুভেন্দুও তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন। পরিবহন, সেচ-সহ একাধিক দফতরের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন জেলার সাংগঠনিক কাজেও তাঁর ভূমিকা ছিল। সেই সময় দলের পক্ষ থেকেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন মমতা। এরপরই তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। অন্যায়ের পথ না নেওয়ার পরামর্শ দিয়ে তাঁর মন্তব্য, মানুষের সঙ্গে নির্মম আচরণ একদিন ফিরে আসতে পারে। তিনি বলেন, প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া থাকে এবং সময়ই সব কিছুর জবাব দেয়।

২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল বা সভার অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তৃণমূলের কর্মসূচি যেভাবেই হোক হবে।

মমতার কথায়, বাধা যতই আসুক, মানুষের ইচ্ছাশক্তিকে থামানো যাবে না। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, উপস্থিতি কম হলেও অনুষ্ঠান হবে এবং শহিদদের স্মরণে কর্মসূচি পালন করা হবে।এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।