Pratik Ur Rahman: লাল ছেড়ে কি তবে ঘাসফুলে? ‘খাপ’ না খাওয়া প্রতীক-উরের পকেটে তৃণমূলের টিকিট? তুঙ্গে জল্পনা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কঠোর দলীয় শৃঙ্খলা ও আদর্শের বেড়াজালে আবদ্ধ থেকেই চলে সিপিএমের (CPIM) রাজনীতি। এখানে ব্যক্তির চেয়ে নীতি বড়, নেতার চেয়েও দল গুরুত্বপূর্ণ এটাই দীর্ঘদিনের রীতি। কিন্তু সেই ‘দলীয় লাইন’-এর সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান (Pratik Ur Rahman)। সেই কারণেই রবিবার দলের উদ্দেশে একটি চিঠি পাঠান তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা ছিল, “আমি নিজেকে আর খাপ খাওয়াতে পারছি না।”

আরও পড়ুন: Ghatal: ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি নিয়ে প্রশ্ন, রিভিউ বৈঠকে অসন্তোষ

এই চিঠি প্রকাশ্যে আসতেই প্রতীক-উর রহমানের (Pratik Ur Rahman) সিপিএম ছাড়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এর মধ্যেই নতুন করে চর্চায় উঠে এসেছে প্রতীক-উর তৃণমূল-এর সম্ভাব্য ঘনিষ্ঠতা। রাজনৈতিক সূত্রের দাবি, চলতি সপ্তাহের মধ্যেই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে।

উল্লেখ্য, শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী ছিলেন প্রতীক-উর রহমান (Pratik Ur Rahman)। এখন যদি তিনি তৃণমূলে নাম লেখান, তবে দক্ষিণ ২৪ পরগনার কোনও বিধানসভা কেন্দ্র বিশেষ করে মগরাহাট থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে ঘাসফুল শিবিরের একাংশ মনে করছে। যদিও এই সব জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি প্রতীক-উর। প্রাথমিক সদস্যপদ ছাড়ার বিষয় হোক বা অন্য দলে যোগদানের সম্ভাবনা সব ক্ষেত্রেই তিনি নীরব।

তবে নিজের অবস্থান স্পষ্ট করে প্রতীক-উর বলেছেন, “ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও বিরোধ নেই। আমার যা বলার ছিল, তা আমি পার্টিকেই বলেছি। এখনও শীর্ষ নেতৃত্বের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়, তাই এখনই প্রকাশ্যে কিছু বলব না। সময় এলে মিডিয়াকে জানাব।”

এই আবহেই প্রতীক-উরের চিঠি প্রকাশ্যে আসার পর নাম না করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এসএফআইয়ের শীর্ষ নেতা, জেলা ও রাজ্য কমিটির দায়িত্বে থাকা এবং গত লোকসভায় ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক-উরের এই সিদ্ধান্ত আসলে সিপিএমকে সর্বস্তরে শূন্যে নামিয়ে আনার ব্যর্থ নেতৃত্ব ও কিছু অযোগ্য বাতেলাবাজের ফল।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole