Ghatal: ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি নিয়ে প্রশ্ন, রিভিউ বৈঠকে অসন্তোষ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে রিভিউ বৈঠক করল মহকুমা মনিটরিং কমিটি। সোমবার ঘাটাল মহকুমা শাসকের দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমার পাঁচটি ব্লকের প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, সেচ দপ্তরের আধিকারিক সহ মাস্টার প্ল্যানের কাজে যুক্ত অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও এই প্রকল্পে কাজ করা ঠিকাদার সংস্থাগুলিকেও বৈঠকে ডাকা হয়েছিল।

আরও পড়ুন: Murshidabad: ৫০ শয্যার আধুনিক হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত

সূত্রের খবর, বৈঠকে ঠিকাদার সংস্থাগুলির কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মনিটরিং কমিটির একাংশ সদস্য। অভিযোগ ওঠে, কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। একই সঙ্গে নদী ও খাল খননের সময় তোলা মাটি অবাধে বিক্রি করা হচ্ছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস-কে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

জানা গিয়েছে, ‘নো কস্ট মডেল’-এ নদী ও খাল খননের কাজ চলছে। তবে খননের সময় তোলা মাটি বা বালি নিয়ে যাতে কোনও অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের আরও কড়া নজরদারির দাবি ওঠে বৈঠকে। মনিটরিং কমিটির সদস্যদের মতে, কাজের গতি বাড়ানো এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। এছাড়াও নদী ও খাল খননের জন্য নতুন করে ১৮টি টেন্ডার ডাকা এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও অনেক ক্ষেত্রে কাজ এখনও শুরু হয়নি বলে জানা যায়। এই বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে নতুন করে কয়েকটি খাল খননের কাজ শুরু হবে। বর্তমানে মাস্টার প্ল্যানের আওতায় মহকুমায় পাঁচটি সুইস গেট, দুটি পাম্প হাউস এবং একাধিক নদী ও খাল সংস্কারের কাজ চলছে। প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার সংস্থাগুলিকে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।