নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকার খসড়া প্রকাশের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে প্রায় ৪৪ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে অবিলম্বে ব্যবস্থা নিতে ভবানীপুরের (Bhawanipur) আটজন কাউন্সিলর, বিএলএ-টু এবং দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ।
আরও পড়ুন: Arup Biswas Resign : ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস!
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত বক্সী। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল (TMC) কংগ্রেসের সভাপতি দেবাশীস কুমার, বিধায়ক অসীম বসু, সন্দীপ রঞ্জন বক্সী সহ ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। দলীয় সূত্রের খবর, খসড়া ভোটার তালিকায় যেসব যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় তালিকাভুক্ত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টভাবে নির্দেশ দেন, কোনও বৈধ ভোটারের নাম যেন কোনওভাবেই বাদ না যায়। বিশেষ করে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম যাচাই করতে বলেন তিনি। অনেক ক্ষেত্রে জীবিত ভোটারদের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বিএলএ ও দলীয় কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার নির্দেশ দেন।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডের দিকে বিশেষ নজর দিতে স্থানীয় কাউন্সিলর অসীম বসুকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অতীতে এই এলাকায় বহিরাগতদের বসবাস বৃদ্ধি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। পাশাপাশি খিদিরপুর সংলগ্ন একাধিক ওয়ার্ডে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। কালীঘাট সংলগ্ন ওয়ার্ডগুলির SIR সংক্রান্ত বিষয় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশীস কুমারকে।
শুনানি পর্ব শুরু হলে প্রতিটি ভোটারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যেমন পাড়ায় পাড়ায় ক্যাম্প করে এনুমারেশন ফর্ম পূরণে সাহায্য করা হয়েছিল, ঠিক তেমনভাবেই আবারও ক্যাম্প করে সহযোগিতা করতে বলেন তিনি। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাহায্য করার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে ভোটারদের নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খসড়া তালিকায় রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে ভবানীপুরেই বাদ গিয়েছে ৪৪ হাজার ৭৭০টি নাম। মুখ্যমন্ত্রীর নিজের বুথ ২৬০ নম্বর মিত্র ইনস্টিটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এই ঘটনার পরেই দ্রুত বৈঠক ডেকে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ভোটারের অধিকার রক্ষায় দল সর্বশক্তি দিয়ে লড়বে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
