নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সরকারি বাসভবনে গিয়ে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নয়াদিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে পৌঁছনোর পর সন্ধ্যাতেই তিনি অমিত শাহের বাসভবনে যান। প্রায় আধ ঘণ্টা ধরে দু’জনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
বিধানসভা নির্বাচন যখন একেবারে সামনে, তখন এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে। বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে এসেছে, সে সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাননি দুই পক্ষের কেউই। তবে সূত্রের দাবি, বাংলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের কৌশলই আলোচনার মূল বিষয় ছিল।
রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, এর কিছুদিন আগেই দিল্লিতে (Delhi) বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেই বৈঠক হয়েছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দিল্লির (Delhi) বাসভবনে। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর এই মুখোমুখি সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
শুধু বিধানসভা নির্বাচন নয়, আলোচনায় উঠে এসেছে রাজ্যসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ও। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ হিসেবে রয়েছেন শমীক ভট্টাচার্য্য। তবে তাঁর মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে। এর মধ্যেই তিনি দলের সংগঠনে বড় দায়িত্ব পেয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে ফের রাজ্যসভায় পাঠানো হবে কি না, নাকি নতুন কোনও মুখকে প্রার্থী করা হবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।
এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা এবং সংগঠনিক রণকৌশল নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, আগামীকাল অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে আগে জানা গিয়েছিল, এই সফরের মধ্যেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি বড় সাংগঠনিক বৈঠক হতে পারে। কিন্তু তার আগেই দিল্লিতে গিয়ে শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আপাতত বাংলায় এসে আলাদা করে আর কোনও ‘শাহি বৈঠক’ নাও বসতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
