নিউজ পোল ব্যুরো:বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (Bangladesh minority persecution) ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের আবহে তাৎপর্যপূর্ণ ও বহুমাত্রিক বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলতে থাকা নির্যাতন আর নিছক অভ্যন্তরীণ ইস্যু নয়; বরং তা ধীরে ধীরে এক বৃহত্তর মানবাধিকার ও আন্তর্জাতিক বিবেকের প্রশ্নে রূপ নিচ্ছে। মুম্বইয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সংঘপ্রধান বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রায় ১.২৫ কোটি হিন্দু যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে শামিল হন, তবে বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা হিন্দু সমাজ তাঁদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/07/iphone-charge-safety-tips-small-mistake-big-damage/
মোহন ভাগবতের বক্তব্যের কেন্দ্রে ছিল ঐক্যের শক্তি ও আত্মসংগঠনের বার্তা। তাঁর কথায়, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে প্রথম ও প্রধান শর্ত হল নিজেদের মধ্যে সংহতি। তিনি ইঙ্গিত দেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই কোনও একক সম্প্রদায়ের বিচ্ছিন্ন সংগ্রাম নয়; বরং তা ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সংঘপ্রধানের মতে, এই লড়াইয়ে আন্তর্জাতিক হিন্দু সমাজ নৈতিক সমর্থনের পাশাপাশি কণ্ঠস্বর জোরালো করতে পারে বৈশ্বিক মঞ্চে।
সংঘপ্রধানের এই মন্তব্য এমন এক সময় সামনে এল, যখন বাংলাদেশ (Bangladesh minority persecution) কার্যত দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্য দিয়ে এগোচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার সূচনা, তা এখনও প্রশমিত হয়নি। সেই আন্দোলনের পরবর্তী পর্বে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী ব্যবস্থায় মহম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করেন। তবে সরকার বদলালেও বাস্তব পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়নি বলেই বিভিন্ন মহলের অভিযোগ। বরং, কট্টরপন্থী গোষ্ঠীগুলির প্রভাব ও দাপট আরও প্রকট হয়েছে, যা দেশের সামাজিক কাঠামোকে ক্রমশ বিপন্ন করে তুলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সাম্প্রতিক কয়েক মাসে একের পর এক হিংসাত্মক ঘটনায় সেই আশঙ্কাই আরও ঘনীভূত হয়েছে। ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। মতপ্রকাশের স্বাধীনতার উপর এই সরাসরি আঘাত দেশটির গণতান্ত্রিক পরিসর নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু সংবাদমাধ্যমই নয়, কট্টরপন্থীদের হামলার নিশানায় পড়ে সাংস্কৃতিক পরিসরও। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সম্মানিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে রাতভর তাণ্ডব চালানো হয়, যা সে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুত্ববাদী চেতনাকে আঘাত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
