নিউজ পোল ব্যুরো: বাঙালির দুপুরের খাওয়াদাওয়া মানেই ভাত আর মাছ—এই যুগলবন্দি ছাড়া যেন পেটই ভরে না। অন্তত এক বাটি ভাতের সঙ্গে একটা মাছের পদ চাই-ই চাই। তবে বাড়ির ছোটরা অনেক সময় ছোট মাছের কাঁটার ঝামেলায় আগ্রহ দেখায় না। তাই রুই-কাতলা (Katla Fish) প্রায় নিয়মিতই জায়গা করে নেয় বাঙালি রান্নাঘরে। কিন্তু কাতলা মাছ দিয়ে কত আর পদ হবে? জিরেবাটা দিয়ে পাতলা ঝোল, পেঁয়াজ দিয়ে দই-কাতলা কিংবা সর্ষেবাটার ঝাল—এই সব পরিচিত স্বাদের মধ্যে ঘুরপাক খেতে খেতে একসময় একঘেয়েমি এসে যায়।
আরও পড়ুন:Beans Recipe: রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিন, কী ভাবে খেলে মিলবে স্বাদ ও পুষ্টি
ঠিক তখনই ছুটির দিনে ভাতের পাতে একটু অন্যরকম কিছু চাইলে ভরসা হতে পারে কাতলা মাছের (Katla Fish) ঘি-রোস্ট। ঘিয়ের গন্ধ, ভাজা মশলার গভীর স্বাদ আর নরম কাতলা মাছ—সব মিলিয়ে এই পদ একেবারে জমে যাবে। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের বিশেষ দুপুর, এই রান্না মন জিতবেই।
উপকরণ
কাতলা মাছ – ৫ পিস (পেটি হলে সবচেয়ে ভালো)
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
ঘি – প্রয়োজন মতো
জিরে – ১ টেবিল চামচ
ধনে – ১ টেবিল চামচ
গোলমরিচ – ১ চা চামচ
মৌরি – ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা – ৪টি
দারচিনি – ২ টুকরো
এলাচ – ৪টি
লবঙ্গ – ৫–৬টি
পেঁয়াজকুচি – আধ কাপ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
ফেটানো টক দই – আধ কাপ
নুন ও চিনি – স্বাদমতো
প্রণালী
প্রথমে একটি শুকনো তাওয়ায় জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ হালকা করে ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে মিক্সিতে বেটে নিন। এতে তৈরি হবে ঘি-রোস্টের আসল ভাজা মশলা।
এ বার কাতলা মাছের টুকরোগুলিতে নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে পর্যাপ্ত ঘি গরম করে মাছগুলো আলতো করে লালচে করে ভেজে তুলে রাখুন।
একই কড়াইয়ে আরও খানিকটা ঘি দিন। তাতে পেঁয়াজকুচি দিয়ে ধীরে ধীরে লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষান। এরপর বেটে রাখা ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করুন।
গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ফেটানো টক দই অল্প অল্প করে মশলার মধ্যে মেশান, যাতে দই না কাটে। নুন ও চিনি দিয়ে স্বাদ ঠিক করে নিন। এবার ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে আলতো করে মিশিয়ে নিন।
কড়াই ঢেকে খুব কম আঁচে পাঁচ মিনিট মতো রান্না করুন। শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি কাতলা মাছের ঘি-রোস্ট। গরম ভাতের সঙ্গে এই পদ একবার পরিবেশন করলে, একঘেয়েমি যে কোথায় পালাবে, বোঝাই যাবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
