Paneer Water: ছানা বানিয়ে জল ফেলে দিচ্ছেন? পুষ্টিগুণে ভরা এই তরল কাজে লাগতে পারে রান্নাঘর থেকে রূপচর্চায়

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাড়িতে ছানা বানানোর পরে অনেকেই বাড়তি জল (Paneer Water) ফেলে দেন। মনে করেন, এটি আর কোনও কাজে লাগে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ছানা তৈরির পরে যে জল আলাদা হয়ে যায়, তার মধ্যেও থাকে নানা পুষ্টিগুণ। রান্না থেকে শুরু করে ত্বকের যত্ন— নানা কাজে ব্যবহার করা যেতে পারে এই জল।

আরও পড়ুন:Summer Recipe: ঝাল বা দোলমা নয়, গরমে পাতে থাক গন্ধরাজ দই-পটল!

দুধ কেটে ছানা তৈরির পরে যে হালকা হলদেটে রঙের জল পাওয়া যায়, তা আসলে পুষ্টিগুণে ভরপুর। এতে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দু’ধরনের প্রোটিন থাকে। পাশাপাশি কার্বোহাইড্রেট, ল্যাকটোজ এবং কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনও থাকে। বিশেষ করে রিবোফ্ল্যাভিন নামের একটি ভিটামিন শরীরের বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং বিপাকক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে।

পুষ্টিবিদদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই জল ভূমিকা রাখতে পারে। অনেকের মতে, শরীরে শক্তি ধরে রাখা এবং পেশি সুস্থ রাখার ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে। তাই অযথা ফেলে না দিয়ে দৈনন্দিন কাজে ব্যবহার করা যেতে পারে।

রান্নাঘরে ছানার জলের ব্যবহার অনেক রকম। রুটি বা পরোটার আটা মাখার সময় সাধারণ জলের বদলে ছানার জল ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ যেমন বাড়বে, তেমনই কিছু বাড়তি পুষ্টিও যোগ হবে।

এ ছাড়া স্যুপ, স্মুদি বা বিভিন্ন ধরনের রান্নাতেও ব্যবহার করা যেতে পারে এই জল। অনেক সময়ে টক স্বাদ আনার জন্য রান্নায় দই, টম্যাটো বা তেঁতুল ব্যবহার করা হয়। তার বদলেও অল্প পরিমাণ ছানার জল ব্যবহার করা যেতে পারে।

ফলের রসের সঙ্গে সামান্য মিশিয়েও এটি খাওয়া যায়। অনেকে আবার বেকিংয়ের কাজেও ব্যবহার করেন। ফলে খাবারের অপচয় কমার পাশাপাশি পুষ্টিগুণও বজায় থাকে।

শুধু খাবার নয়, রূপচর্চার ক্ষেত্রেও ছানার জল কার্যকর হতে পারে। নিয়মিত এই জল দিয়ে মুখ ধুলে ত্বক সতেজ এবং নরম থাকতে পারে। অতিরিক্ত তেলতেলে ভাব কমাতেও সাহায্য করতে পারে।

গরমকালে রোদে বেরোনোর কারণে ত্বকে ট্যান পড়ে যায়। সে ক্ষেত্রেও ঘরোয়া উপায়ে ব্যবহার করা যেতে পারে ছানার জল (Paneer Water)। আলুর রস, শসার রস বা বেসনের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে কিছুটা উপকার মিলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, খাবারের ছোট ছোট অংশও অনেক সময় শরীরের জন্য উপকারী হয়ে উঠতে পারে। তাই ছানা তৈরির পরে সেই জল ফেলে না দিয়ে সঠিক উপায়ে ব্যবহার করলে রান্নাঘর থেকে ত্বকের যত্ন— দু’ক্ষেত্রেই মিলতে পারে বাড়তি সুবিধা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole