Butter Recipe: প্রাতরাশে পাউরুটি-মাখনেই একঘেয়েমি? বাড়িতেই বানিয়ে নিন ৩ রকম স্বাদের মাখন

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সকালের ব্যস্ত সময়ে প্রাতরাশ বানানো অনেক বাড়িতেই বেশ তাড়াহুড়োর কাজ। কারও স্কুলে যাওয়ার তাড়া, কারও আবার অফিসে বেরোনোর তাগিদ—সব মিলিয়ে সকালে খুব বেশি সময় হাতে থাকে না। তাই সহজ ও দ্রুত তৈরি করা যায় এমন খাবারই বেশির ভাগ পরিবারের প্রাতরাশের তালিকায় জায়গা করে নেয়। এই কারণে অনেক বাড়িতেই পাউরুটি আর মাখনই (Butter Recipe) হয়ে ওঠে সকালের ভরসা।

আরও পড়ুন:Health Tips: সাবধান! স্মার্টফোন ব্যবহারে ক্ষয় হচ্ছে দাঁত? বিজ্ঞানের এই তথ্য শুনলে চমকে যাবেন আপনিও

কিন্তু প্রতিদিন একই স্বাদের মাখন (Butter Recipe) দিয়ে পাউরুটি খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। একই খাবার বারবার খেলে আগ্রহও কমে যায়। তবে ছোট্ট একটু পরিবর্তন আনলেই সেই সাধারণ প্রাতরাশও হয়ে উঠতে পারে অনেক বেশি সুস্বাদু ও আকর্ষণীয়। বাড়িতেই সহজ কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে রাখা যায় ভিন্ন স্বাদের মাখন। এতে সময়ও খুব বেশি লাগে না, আবার প্রতিদিনের প্রাতরাশেও আসে নতুনত্ব।

নিচে রইল তিন ধরনের স্বাদের মাখন তৈরির সহজ উপায়।
হানি-সিনামন বাটার:এই মাখন তৈরি করতে প্রথমে ১০০ গ্রাম নুন ছাড়া মাখন হালকা আঁচে গলিয়ে নিন। মাখন গলে গেলে তার মধ্যে ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ দারচিনির গুঁড়ো, ২ ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং এক চিমটে নুন মিশিয়ে ভাল করে নাড়ুন। খেয়াল রাখতে হবে যেন মাখন পুড়ে না যায়, তাই গ্যাসের আঁচ খুব কম রাখাই ভাল। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। এই হানি-সিনামন বাটার প্যানকেক বা বানানা ব্রেডের সঙ্গে দারুণ মানায়।

ক্যারামেলাইজড অনিয়ন অ্যান্ড ব্ল্যাক পেপার বাটার:প্রথমে একটি পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিন। একটি ফ্রায়িং প্যানে সামান্য তেল গরম করে কম আঁচে পেঁয়াজ ভাজতে শুরু করুন। এর মধ্যে সামান্য নুন ও একটু চিনি ছড়িয়ে দিন। ধীরে ধীরে পেঁয়াজ ভাজতে থাকুন যাতে তা গাঢ় বাদামি রঙের হয়ে ক্যারামেলাইজ়ড হয়। খুব বেশি আঁচে ভাজলে পেঁয়াজ পুড়ে তেতো হয়ে যেতে পারে, তাই ধৈর্য ধরে কম আঁচেই ভাজা উচিত। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এরপর নুন ছাড়া মাখনের সঙ্গে ভাজা পেঁয়াজ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু অনিয়ন বাটার। টোস্ট করা ব্রেড বা স্যান্ডউইচের সঙ্গে এই মাখন খুবই ভালো লাগে।

ডার্ক চকোলেট বাটার:মিষ্টি স্বাদের মাখন পছন্দ করলে ডার্ক চকোলেট বাটার বানাতে পারেন। এর জন্য ২ টেবিল চামচ কোকো পাউডার এবং ২ টেবিল চামচ গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নিন। এরপর ১০০ গ্রাম গলানো নুনযুক্ত মাখনের মধ্যে সেই মিশ্রণটি ঢেলে ভালোভাবে নাড়ুন যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যায়। তৈরি মিশ্রণটি একটি কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে জমিয়ে নিন। সাদা পাউরুটি বা ক্রসোঁর সঙ্গে এই চকোলেট বাটার খেতে বেশ সুস্বাদু লাগে।

এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে রাখা যায় নানা স্বাদের মাখন। এতে প্রতিদিনের সাধারণ পাউরুটি-মাখনের প্রাতরাশও হয়ে উঠতে পারে অনেক বেশি আকর্ষণীয় ও সুস্বাদু।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole