নিউজ পোল ব্যুরো: শীত হোক বা গ্রীষ্ম, সারা বছর যে সব সব্জি সহজেই বাজারে পাওয়া যায়, তার মধ্যে বিন নিঃসন্দেহে অন্যতম। ফ্রায়েড রাইস, চাউমিন, পাস্তা কিংবা সাধারণ ডাল-ভাত— প্রায় সব রান্নাতেই বিন অনায়াসে মানিয়ে যায়। আবার অনেকের পাতে আলাদা করে বিনের তরকারিও নিয়মিত জায়গা করে নেয়। দেখতে সাধারণ হলেও এই সব্জিটির পুষ্টিগুণ সত্যিই চোখে পড়ার মতো।
আরও পড়ুন:Gangasagar:সাগর মেলায় প্রসাদে অভিনব পরিবর্তন, নোনতা পকোড়া বিলি করে সচেতনতার বার্তা
বিনে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি ও কে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফাইবারে ভরপুর হওয়ায় হজম প্রক্রিয়া সহজ হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁদের ডায়েটে বিন খুবই উপকারী। পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না, তাই ডায়াবেটিস রোগীদের জন্যও নিরাপদ সব্জি। হার্টের স্বাস্থ্যের দিক থেকেও বিন বেশ কার্যকর, খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদ্যন্ত্রকে সুস্থ রাখে। তবে সমস্যা একটাই— স্বাদের দিক থেকে অনেকের কাছেই বিন তেমন আকর্ষণীয় নয়। তাই পুষ্টিবিদদের মতে, সঠিক পদ্ধতিতে রান্না করলে বিন যেমন সুস্বাদু হবে, তেমনই তার পুষ্টিগুণও বজায় থাকবে।

প্রথম পদ্ধতি হতে পারে সহজ স্টার-ফ্রাই। বিন অর্ধেক করে কেটে হালকা নুন দেওয়া জলে ভাপিয়ে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি দিন। রসুন হালকা ভাজা হলে বিন যোগ করে আঁচ কমিয়ে ৩–৪ মিনিট নাড়াচাড়া করুন। শেষে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন। টোস্ট বা ডিম সেদ্ধর সঙ্গে প্রাতরাশে এই পদটি দারুণ মানায়। আর একটি সুস্বাদু বিকল্প হলো মাখন-গোলমরিচ-বাদাম বিন। ভাপানো বিন কড়াইয়ে সামান্য মাখনের সঙ্গে ২–৩ মিনিট নেড়ে নিন। উপর থেকে গোলমরিচ গুঁড়ো ও ভাজা চিনেবাদাম ছড়িয়ে দিন। স্যুপের সঙ্গে এটি হালকা অথচ পুষ্টিকর পদ হিসেবে পরিবেশন করা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
স্বাদে বৈচিত্র আনতে চাইলে দক্ষিণ ভারতীয় স্টাইলে বিনের পোরিয়াল বানাতে পারেন। ছোট করে কাটা বিন ভাপিয়ে নিয়ে সর্ষে, বিউলির ডাল, কারিপাতা ও শুকনো লঙ্কার ফোড়নে পেঁয়াজ কুচির সঙ্গে মিশিয়ে নিন। শেষে নারকেল ও কাঁচালঙ্কা বাটা যোগ করে কয়েক মিনিট রান্না করলেই তৈরি হবে সুস্বাদু ও স্বাস্থ্যকর বিনের পদ। সঠিক রান্নার কৌশল জানলে, সাধারণ বিনও হয়ে উঠতে পারে প্রতিদিনের খাবারের সবচেয়ে উপকারী ও উপাদেয় অংশ।
