নিউজ পোল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কড়া ভিসা নীতির প্রভাবে নতুন করে সংকটে পড়েছেন বিদেশি কর্মীরা, বিশেষ করে ভারতীয় পেশাদাররা। এইচ-১বি ভিসা নিয়ে প্রশাসনের কঠোর সিদ্ধান্তের জেরে আমেরিকায় কর্মরত ও কাজের আশায় থাকা বহু দক্ষ ভারতীয়ের মধ্যে বাড়ছে উদ্বেগ। কারণ, এইচ-১বি (H-1B Visa) ভিসাধারীদের মধ্যে সংখ্যার দিক থেকে ভারতীয়রাই এগিয়ে। ফলে ট্রাম্প (Donald Trump) সরকারের নতুন নিয়মের সরাসরি প্রভাব পড়ছে তাঁদের উপরেই।
এই পরিস্থিতিতে শুধু ভারতীয় কর্মীরাই নয়, তাঁদের নিয়োগকারী বহু নামী মার্কিন সংস্থাও পড়েছে চাপে। ফেডএক্স, ওয়ালমার্ট, ভেরিজোনের মতো বহুজাতিক সংস্থাগুলির বিরুদ্ধে একাংশ মার্কিন নেটিজেন সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিযোগ, এই সংস্থাগুলি নাকি অবৈধভাবে ভারতীয়দের চাকরি দিচ্ছে এবং নিজেদের দেশের নাগরিকদের বঞ্চিত করছে। এই অভিযোগকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ভারতবিরোধী মন্তব্যের বন্যা।
গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প (Donald Trump) প্রশাসন এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি দক্ষ কর্মী নিয়োগ করতে চাইলে সংশ্লিষ্ট সংস্থাকে সরকারের কাছে বছরে এক লক্ষ ডলার পর্যন্ত ফি দিতে হবে। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। তবে বিশেষজ্ঞদের মতে, এর ফলে আন্তর্জাতিক প্রতিভা নিয়োগে নিরুৎসাহিত হবে সংস্থাগুলি। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি থেকে এই বিধিনিষেধ আরও কঠোর হতে চলেছে। এতে এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠবে। এর প্রভাব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, কর্পোরেট ক্ষেত্রেও এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অভিবাসন নীতির প্রশ্ন নয়, বরং ঘৃণার রাজনীতির প্রতিফলন। ভারতীয় কর্মীদের পাশাপাশি তাঁদের উপর নির্ভরশীল মার্কিন সংস্থাগুলিও এখন এক শ্রেণির চরমপন্থীদের নিশানায়। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
