Bankura: ছাতনায় রাজনৈতিক পারদ তুঙ্গে! ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে হাতাহাতি তৃণমূল ও বিজেপির

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ছাতনা (Bankura) বিডিও দপ্তরে ফর্ম ৭ জমা দেওয়াকে ঘিরে বৃহস্পতিবার শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সকাল থেকেই বিডিও অফিস চত্বরে জমায়েত বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। বিজেপির (BJP) অভিযোগ, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কু মিত্রের নেতৃত্বে তৃণমূল (TMC) কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপির নেতা-কর্মীদের বাধা দেন এবং হেনস্থা করেন। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশিকা মেনে ফর্ম ৭ জমা দিতে গেলেই ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়, যাতে আবেদন প্রক্রিয়া ভেস্তে যায়।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের কড়া ভিসা নীতিতে বিপাকে ভারতীয় পেশাদাররা! মার্কিন মুলুকে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ

বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখোপাধ্যায় অভিযোগ করেন, “আইনি পথে ফর্ম জমা দিতে গিয়েই আমাদের কর্মীদের আটকে দেওয়া হয়েছে। এটা নিছক বিশৃঙ্খলা নয়, সম্পূর্ণ রাজনৈতিক সন্ত্রাস। তৃণমূল (TMC) জানে, ফর্ম ৭ জমা পড়লে ভোটার তালিকায় হওয়া অনিয়ম সামনে আসবে। সেই ভয়েই আমাদের রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতনার বিজেপি বিধায়কও। বিধায়কের বক্তব্য, প্রশাসনের নীরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং তৃণমূলকে বেআইনি কাজের সাহস জোগাচ্ছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিডিও অফিসে ভিড় জমিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তৃণমূল নেতাদের বক্তব্য, ফর্ম ৭ জমার নাম করে বিজেপি আগেও বিভিন্ন জায়গায় গোলমাল পাকিয়েছে। এবারও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই নাটক। বঙ্কু মিত্রের ঘনিষ্ঠ মহলের দাবি, “আইন মেনে কাজ হলে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। বিজেপিই পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তেজনা (Bankura) নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, ফর্ম ৭ ও ভোটার তালিকা সংশোধন ইস্যু এখন রাজ্য রাজনীতির অন্যতম প্রধান সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে। খাতড়ার পর ছাতনাতেও (Bankura) একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় স্পষ্ট, ভোটের আগে এই বিষয়কে ঘিরে শাসক-বিরোধী লড়াই আরও তীব্র হতে চলেছে। একদিকে বিজেপি আইনি অধিকারের কথা তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটচুরির ছক কষার অভিযোগ তুলছে। ছাতনা বিডিও অফিসের ঘটনায় সেই রাজনৈতিক সংঘাতই আরও প্রকাশ্যে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole