নিউজপোল ব্যুরো:কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরের সামনে চণ্ডীপাঠকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। রাস্তার একদিকে সিপিএমের পার্টি অফিস, অন্যদিকে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখান থেকেই মাইকে চণ্ডীপাঠ করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, সিপিএমের নেতাদের শুভবুদ্ধির উদয় এবং তাঁদের পাপবোধ থেকে মুক্তির কামনায় এই ধর্মীয় কর্মসূচির আয়োজন।
কর্মসূচিতে অংশ নেওয়া এক সদস্যের বক্তব্য, মানুষের মনে জমে থাকা পাপ দূর করতেই মাইকে শ্রীশ্রী চণ্ডীর মহামন্ত্র পাঠ করা হচ্ছে। তাঁর বিশ্বাস, এই মন্ত্র নেতাদের কানে পৌঁছলে তাঁদের বোধোদয় হবে এবং তাঁরা পাপ থেকে মুক্তির পথ খুঁজে পাবেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, যাঁদের এই কর্মসূচি করার প্রয়োজন মনে হয়েছে, তাঁরা তা করেছেন। এতে তাঁদের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, চণ্ডীপাঠ করাকে ভালো বলেই উল্লেখ করেন সুজন।
অন্যদিকে, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, ধর্মাচরণ করার অধিকার সকলেরই রয়েছে। তবে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে কেন এই কর্মসূচি করা হচ্ছে, তা তাঁর জানা নেই। ধর্মবিদ্বেষী নন, এমন সকলের জন্য তাঁদের পার্টি অফিসের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, আলিমুদ্দিনের সামনে এই চণ্ডীপাঠের কর্মসূচি এবং তা নিয়ে দুই বাম নেতার প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
