Kunal Ghosh: ‘চাকরিখেকো’ সিপিএম আইনজীবী! বামনেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কুণাল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সিপিএমের (CPIM) এক আইনজীবীকে ঘিরে এবার তীব্র বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন, ওই আইনজীবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরই দলের এক মহিলা আইনজীবী। কুণালের বক্তব্য অনুযায়ী, ওই মহিলা পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং সেখানে একাধিক অনৈতিক ও ভয়ংকর আচরণের বিস্তারিত বিবরণ রয়েছে।

আরও পড়ুন: Bombay High Court : একক মায়ের সন্তানের পরিচয়ে বাবার নাম বাধ্যতামূলক নয়! যুগান্তকারী রায় মুম্বই হাই কোর্টের

শুক্রবার সকালে করা ওই পোস্টে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, অভিযুক্ত ব্যক্তি নাকি রাজনৈতিক প্রভাব, নেতাদের নাম ব্যবহার এবং মিডিয়ার প্রচারকে ঢাল করে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারী মহিলা যেহেতু নিজেও দলের সঙ্গে যুক্ত, তাই পুলিশের দ্বারস্থ হওয়ার আগে দলীয় স্তরেই ন্যায়বিচার চেয়েছেন। কুণাল (Kunal Ghosh) আরও দাবি করেন, ওই চিঠির কপি চারজন নেতার কাছে পাঠানো হয়েছে এবং আপাতত তার একটি কপি তাঁর হাতে এসেছে। যদিও তিনি এখনই সেই চিঠি প্রকাশ করছেন না বলে জানান।

পোস্টে কুণাল ঘোষ আরও প্রশ্ন তোলেন, সিপিএম কি আদৌ এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে? তাঁর অভিযোগ, ওই মহিলা আইনজীবী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মামলা-মোকদ্দমা ও চাকরিজীবনে জটিলতা তৈরির হুমকিও দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি কুণালের কটাক্ষ, অভিযুক্ত আইনজীবীকে রক্ষা করতে আলিমুদ্দিনের একাংশ সক্রিয় হয়ে উঠবে কি না, সেটাই এখন দেখার।

যদিও কুণাল ঘোষ নিজেই স্বীকার করেছেন, অভিযোগপত্রের সত্যতা তিনি স্বাধীনভাবে যাচাই করতে পারেননি। তবু তাঁর এই বিস্ফোরক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কার দিকে ইঙ্গিত করা হয়েছে তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। অনেকের ধারণা, এই অভিযোগের নিশানায় এক পরিচিত বামপন্থী আইনজীবী রয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole