Morning Exercise: ঘুম থেকে উঠলেই কোমর-পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মাত্র ৮ মিনিটের ম্যাজিকে পান মুক্তি

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: কোমর বা পিঠের ব্যথা এখন আর বয়সের সঙ্গে সীমাবদ্ধ নয়। আধুনিক জীবনযাত্রার কারণে অল্প বয়সিদের মধ্যেও এই সমস্যার সংখ্যা দ্রুত বাড়ছে। দীর্ঘ সময় একটানা বসে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা বা শোওয়া, শরীরচর্চার অভাব এবং মানসিক চাপ—সব মিলিয়েই মেরুদণ্ড ও আশপাশের পেশিতে অস্বস্তি তৈরি হচ্ছে। অনেকেই সারাদিন কাজের শেষে পিঠে ব্যথা অনুভব করেন, আবার কারও ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই কোমরে শক্তভাব বা ব্যথা টের পাওয়া যায়। তবে নিয়ম (Morning Exercise) মেনে কিছু অভ্যাস গড়ে তুললে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের (Morning Exercise) কোনও বিকল্প নেই। দিন শুরুর আগে মাত্র কয়েক মিনিট নিজের শরীরের জন্য সময় বের করতে পারলেই উপকার মিলবে। ভারী বা কষ্টকর ব্যায়াম করার প্রয়োজন নেই। হালকা স্ট্রেচিং ও সহজ কিছু মুভমেন্টই যথেষ্ট। এতে রক্তসঞ্চালন বাড়ে, শক্ত হয়ে থাকা পেশি ধীরে ধীরে শিথিল হয় এবং প্রদাহ কমতে সাহায্য করে। নিয়মিত সকালে এই ধরনের ব্যায়াম করলে মেরুদণ্ডের পেশি মজবুত হয় এবং ভবিষ্যতে বারবার ব্যথা ফিরে আসার আশঙ্কাও কমে।

আরও পড়ুন: Period pain: অনেকে অবহেলা করেন, কিন্তু পিরিয়ডের আগে স্তনে ব্যথার পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ

বাড়িতেই কোনও সরঞ্জাম ছাড়া কয়েকটি সহজ ব্যায়াম করা যেতে পারে। যেমন, চিৎ হয়ে শুয়ে একবার একটি হাঁটু বুকে টেনে ধরে কিছুক্ষণ রেখে ছেড়ে দেওয়া, আবার অন্য হাঁটুতেও একইভাবে করা। এরপর দু’টি হাঁটু একসঙ্গে বুকে টেনে ধরলে কোমরের পেশি আরাম পায়। চার হাত-পায়ে ভর দিয়ে পিঠ কখনও নীচু করা, কখনও গোল করার ব্যায়াম মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। চিৎ হয়ে শুয়ে কোমর মাটির সঙ্গে চেপে ধরে পেটের পেশি টানটান করলেও উপকার পাওয়া যায়। আবার উপুড় হয়ে শুয়ে কনুইয়ের ভর দিয়ে ধীরে বুক তুললে পিঠের নীচের অংশে চাপ কমে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত করা। একদিন ব্যায়াম করে কয়েকদিন বন্ধ রাখলে ফল মিলবে না। প্রতিদিন সকালে মাত্র ৮ মিনিট সময় দিলেই কয়েক সপ্তাহের মধ্যে কোমর ও পিঠের আড়ষ্টতা কমবে, শরীর হবে আরও নমনীয়। তবে মনে রাখতে হবে, ব্যথা যদি খুব তীব্র হয়, দীর্ঘদিন ধরে থাকে বা হাত-পায়ে ঝিনঝিনি, অবশভাব কিংবা দুর্বলতা দেখা দেয়, সে ক্ষেত্রে নিজে নিজে ব্যায়াম না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হালকা বা মাঝারি ব্যথায় সকালে নিয়মিত ব্যায়াম (Morning Exercise) কার্যকর হলেও, দীর্ঘস্থায়ী সমস্যার জন্য সঠিক চিকিৎসাই একমাত্র পথ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole