নিউজ পোল ব্যুরো: যুবকদের জন্য বড় আপডেট। রাজ্য সরকারের ঘোষণা করা যুবসাথী প্রকল্প (Yuvashathi Scheme)-এ অনলাইনে আবেদনের ক্ষেত্রে এবার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হল। নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্তই কেবল অনলাইনে আবেদন করা যাবে। এই সময়সীমার বাইরে পোর্টালে ঢুকলে আবেদনকারী নতুন নির্ধারিত সময়সূচির বার্তাই দেখতে পাবেন। এবারের রাজ্য বাজেটে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে যুবসাথী প্রকল্প (Yuvashathi Scheme)। এই প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে যোগ্য আবেদনকারীদের। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
শুধু অনলাইন নয়, অফলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে রাজ্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় নথি জমা দিয়েই সরাসরি আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গে রসিদও পাওয়া যাবে। এই প্রকল্পে আবেদন করতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (Yuvashathi Scheme)। আবেদনকারী শিক্ষিত ও বেকার হতে হবে। কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে সমস্যা নেই। তবে রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। প্রাথমিকভাবে টানা পাঁচ বছর প্রতি মাসে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রথম দিন থেকেই ক্যাম্পগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সেই পরিস্থিতি সামাল দিতেই অনলাইন আবেদন (Online Application) চালুর সিদ্ধান্ত নেয় নবান্ন। আবেদন করতে হলে যেতে হবে সরকারি পোর্টাল https://apas.wb.gov.in-এ। সেখানে ‘Click to Apply’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে ফর্ম সাবমিট করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। শেষে আবেদনপত্র ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। নতুন সময়সীমা কার্যকর হওয়ায় আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে ফর্ম পূরণ করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
