নিউজ পোল ব্যুরো: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে ভারত আবারও শান্তির মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ভারত সফরের পর এবার ভারতের দরবারে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelenskyy)। চলমান তিন বছরের রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংঘাতের মধ্যে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করে বারবার শান্তির বার্তা দিয়েছে। এই প্রেক্ষাপটে, জেলেনস্কির সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে জেলেনস্কি (Zelenskyy) ভারতের রাষ্ট্রীয় আমন্ত্রণে দিল্লি আসবেন। ইতিমধ্যেই দিল্লির শীর্ষ কর্মকর্তারা সফরের তারিখ চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছেন। ভারত ও ইউক্রেনের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে এই সফরকে ঘিরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা চালাচ্ছেন। বিশেষ করে পুতিনের সফরের মাত্র এক মাসের ব্যবধানে জেলেনস্কির আগমন ভারতীয় কূটনীতিতে নতুন দিক নির্দেশক হতে পারে।
জেলেনস্কি (Zelenskyy) এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুইজনই বার্তা দিয়েছেন, ভারত যুদ্ধবিরতির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধক্ষেত্রের অবস্থা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের অগ্রগতির ওপর। এছাড়াও, ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ জেলেনস্কির জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে।
ভারত-ইউক্রেন সম্পর্কের ইতিহাস দীর্ঘ; ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট তিনবার ভারত সফর করেছেন। ২০২৫ সালে প্রধানমন্ত্রী মোদি প্রথম ভারতীয় হিসেবে ইউক্রেন সফরে যান এবং সেখানে জেলেনস্কিকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের প্রতিফলন হতে যাচ্ছে জানুয়ারিতে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, মোদির মধ্যস্থতায় যদি এই সফরের পর রাশিয়া এবং ইউক্রেন আলোচনায় বসে, তা আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের জন্য বড় সাফল্য হবে। পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক বিবেচনায় নিয়ে, জেলেনস্কির ভারত সফর আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় ভারসাম্যের নতুন পথ খুলে দিতে পারে। ভারতে এই মধ্যস্থতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, বরং বিশ্বমঞ্চে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
