Ishani Chatterjee: গায়ের রঙ নিয়ে কটাক্ষে ভেঙে পড়েছিলাম, এখন আর পাত্তা দিই না: ঈশানী চট্টোপাধ্যায়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম আলোচিত ধারাবাহিক ‘পরিণীতা’। রায়ান ও পারুলের গল্প দর্শকের মন জয় করেছে। এই ধারাবাহিকেই পারুল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ঈশানী চট্টোপাধ্যায় (Ishani Chatterjee)। জনপ্রিয়তা পেলেও অভিনেত্রীর অভিনয়যাত্রা যে একেবারেই মসৃণ ছিল, তা নয়। ছোটবেলা থেকেই নানা বাধা ও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে, বিশেষ করে গায়ের রঙ নিয়ে।

আরও পড়ুন:Shamik Adhikari : প্রেমিকাকে আটকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইনফ্লুয়েন্সার শমীক, মামলায় যুক্ত ধর্ষণের ধারা

দুর্গাপুরের মেয়ে ঈশানী (Ishani Chatterjee) পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি। কলকাতায় এসে তিনি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করেন। অভিনয়ের জগতে আসার পরিকল্পনা তখনও ছিল না। তবে হঠাৎ করেই জীবনে আসে অভিনয়ের সুযোগ, আর সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়।
বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে পারুল চরিত্রে ঈশানীর অভিনয় নিয়ে প্রশংসার পাশাপাশি শুরুতে কটাক্ষও কম ছিল না। এক সাক্ষাৎকারে ঈশানী জানান, ধারাবাহিকের শুরুর দিকে অনেকেই তাঁকে দেখে নেতিবাচক মন্তব্য করেছিলেন। কেউ বলেছিলেন, তাঁর চেহারা পর্দার জন্য মানানসই নয়, কেউ আবার মনে করেছিলেন রাত আটটার মতো গুরুত্বপূর্ণ স্লট সামলাতে পারবেন না তিনি।
ঈশানীর কথায়, “এই সব মন্তব্য প্রথম দিকে খুব প্রভাব ফেলেছিল। মনখারাপ হত, ভয়ও পেয়েছিলাম। নিজের উপরেই প্রশ্ন উঠত—আমি কি পারব? কিন্তু একটা জিনিস আমি জানতাম, নিজের গায়ের রং তো আর পাল্টানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, স্কুলজীবনে গায়ের রঙের জন্য তাঁকে বহু কটু কথা শুনতে হয়েছে। সেই অভিজ্ঞতাই তাঁকে ভিতর থেকে শক্ত করেছে। “এক সময় এই বিষয়গুলো খুব কষ্ট দিত। কিন্তু এখন আমি নিজের গায়ের রং নিয়ে গর্বিত। আর এ ধরনের মন্তব্যকে আর গুরুত্ব দিই না,” স্পষ্ট জানান অভিনেত্রী।
নেতিবাচক মন্তব্য সামলানোর বিষয়ে ঈশানীর বক্তব্য, একটা বয়স পর্যন্ত কটাক্ষের প্রভাব থাকলেও এখন তিনি নিজের কাজের উপরেই মন দিতে শিখেছেন। দর্শকের ভালবাসা ও ধারাবাহিকের সাফল্যই তাঁর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি।
পড়াশোনার দিক থেকেও এখনও থেমে যাননি ঈশানী। কলকাতায় পড়াশোনা শুরু করলেও তা শেষ হয়নি। তবে এখন তাঁর অগ্রাধিকার অভিনয়। প্রথম ধারাবাহিকের কাজ মন দিয়ে শেষ করার পরেই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
উল্লেখ্য, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। ধারাবাহিকের এই সাফল্যের সঙ্গে সঙ্গে ঈশানী চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তাও বাড়ছে প্রতিদিন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole