নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শীঘ্রই প্রকাশ করতে চলেছে ইউজিসি নেট (NTA UGC NET) জুন ২০২৫-এর ফলাফল। পরীক্ষার্থীরা NTA-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ গিয়ে সহজেই অনলাইনে নিজেদের ফলাফল চেক করতে পারবেন। ফলাফল দেখতে প্রয়োজন হবে আবেদন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ।
আরও পড়ুন:Kota Shrinivasa Rao: ‘সরকার’-এর ‘সিলভার মণি’ আর নেই, চলে গেলেন কোটা শ্রীনিবাস রাও
এই বছর UGC NET পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল জুনে। ২৫ জুন থেকে ২৯ জুন, ২০২৫ পর্যন্ত। এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে দেশের বিভিন্ন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। প্রতিবছর দুইবার আয়োজিত হয় এই জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষা (NTA UGC NET), যা মূলত সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্যতা অর্জন এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)-এর প্রাপ্তির জন্য নেওয়া হয়। দেশের হাজার হাজার ছাত্রছাত্রী এবং গবেষণা প্রত্যাশী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন।
NTA এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও, পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী বলা যায়, পরীক্ষার (NTA UGC NET) পর প্রায় ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে, জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে পরীক্ষার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে এবং লগইন তথ্য আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। ফলাফল প্রকাশের সময় স্কোরকার্ডের পাশাপাশি ইউজিসি নেটের চূড়ান্ত উত্তরপত্র এবং কাট-অফ মার্কসও প্রকাশ করবে এনটিএ (NTA)। এই কাট-অফ অনুযায়ী পরীক্ষার্থীরা জানতে পারবেন তাঁরা JRF-এর জন্য যোগ্য হয়েছেন কি না, অথবা শুধুমাত্র সহকারী অধ্যাপকের যোগ্যতা অর্জন করেছেন কি না।
UGC NET পরীক্ষার ফলাফল শুধু একটি নম্বর জানার বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলাফলের উপর নির্ভর করে বহু পরীক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পান কিংবা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার যোগ্যতা অর্জন করেন। তাই ফলাফল প্রকাশের এই সময়টা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর, NTA-র পক্ষ থেকে আলাদা করে কোনো মেইল বা এসএমএস পাঠানো হবে না, তাই পরীক্ষার্থীদের নিজেদেরই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে হবে। আশা করা হচ্ছে, এবারেও NTA নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করে সমস্ত পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
