Govinda: গোবিন্দ হাসপাতালে ভর্তি, গভীর রাতে শারীরিক অসুস্থতায় উদ্বেগ বলিউডে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: একই সপ্তাহে একের পর এক ধাক্কা! ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার অসুস্থ গোবিন্দ (Govinda)। মঙ্গলবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের এই বলিউড অভিনেতা। মুম্বইয়ের বাড়িতে আচমকা জ্ঞান হারালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গোবিন্দ (Govinda)। তাঁর আইনজীবী বন্ধু ললিত বিন্দাল জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থার উপর চিকিৎসকেরা নজর রাখছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা চলছে।

আরও পড়ুন:Dharmendra: ধর্মেন্দ্র হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, পরিবারের মুখে চওড়া হাসি সুস্থতার পথে বর্ষীয়ান অভিনেতা

বিন্দালের কথায়, “রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন গোবিন্দ (Govinda)। চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। ওষুধ খাওয়ানোর পরেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাত একটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।” হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকরা দ্রুত একাধিক পরীক্ষা শুরু করেন। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে, অভিনেতার ব্যক্তিগত মুহূর্তকে যেন সম্মান জানানো হয় এবং ভুয়ো খবর না ছড়ানো হয়। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ‘হিরো নম্বর ১’ খ্যাত এই অভিনেতা। নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরীক্ষা করতে গিয়ে তা হাত থেকে পড়ে গিয়েছিল, এবং দুর্ঘটনাবশত গুলি লাগে তাঁর পায়ে। সেই সময়ও তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি কাজে ফিরেছিলেন।

এ বার আবারও শারীরিক জটিলতায় হাসপাতালে গোবিন্দ (Govinda)। বলিউডে উদ্বেগের ছায়া ঘনাচ্ছে। কারণ, মাত্র কয়েকদিন আগেই ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, অতিরিক্ত পরিশ্রম, ক্লান্তি এবং অনিয়মিত রুটিনই তাঁর বর্তমান শারীরিক অবস্থার কারণ হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভক্তরা প্রার্থনা করছেন, তাঁদের প্রিয় নায়ক দ্রুত সুস্থ হয়ে আবারও হাসিমুখে পর্দায় ফিরুন। কারণ বলিউডের উজ্জ্বল তারকাদের মধ্যে গোবিন্দ (Govinda) শুধু একজন অভিনেতা নন, তিনি এক আনন্দের প্রতীক, যাঁর উপস্থিতি মানেই হাসি, নাচ এবং জীবনের রঙে ভরপুর এক উৎসব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole