নিউজ পোল ব্যুরো: অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা উত্তর-পূর্ব ভারত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার মরদেহ পৌঁছতেই গুয়াহাটির রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। শিল্পীর প্রতি এমন আবেগ আগে খুব কমই দেখা গেছে। ভক্তদের চোখে জল আর শ্রদ্ধায় মিশে গিয়েছিল শেষ যাত্রা।
এরই মধ্যে আলোচনায় এসেছে জুবিন গর্গের (Zubeen Garg) সম্পত্তি ও জীবনযাত্রার প্রসঙ্গ। কেবল অসমেই নয়, বাংলা ও হিন্দি সংগীত জগতেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। একাধিক ভাষায় গান গেয়ে, সিনেমার প্লেব্যাক এবং মঞ্চানুষ্ঠান করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০২৪ সালের একটি প্রতিবেদনে প্রকাশ, জুবিনের (Zubeen Garg) সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে গান ছাড়াও বিজ্ঞাপনের পারিশ্রমিক ও বিভিন্ন প্রকল্পের আয় যুক্ত ছিল। যদিও তিনি মাসে কত টাকা উপার্জন করতেন তার সঠিক পরিসংখ্যান কখনও জানা যায়নি।
আর্থিক প্রাপ্তির চাইতে সংগীতই ছিল তাঁর কাছে বড় সম্পদ। অর্থের পেছনে দৌড়নো তাঁর স্বভাব ছিল না। বড় কোনও প্রজেক্ট হাতে নিলেই তিনি প্রাণ ঢেলে কাজ করতেন। তাঁর জীবনযাত্রাও ছিল স্বতন্ত্র। বড় শহরের চাকচিক্যের বদলে নিজের রাজ্যের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করতেন তিনি। ঘর সাজাতেন অসমের হস্তশিল্প, বাঁশের তৈরি সামগ্রী আর স্থানীয় শিল্পকর্ম দিয়ে।
তবে গাড়ি ও বাইকের প্রতি ছিল তাঁর বিশেষ ঝোঁক। মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz), রেঞ্জ রোভার (Range Rover)-সহ একাধিক দামী গাড়ি ছিল তাঁর সংগ্রহে। রোমাঞ্চ ভালোবাসলেও জল নিয়ে ছিল ভয়। তাই প্রশ্ন উঠছে, জলকে ভয় পাওয়া মানুষ হয়েও কীভাবে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন তিনি? সেই অভিযাত্রাই যে তাঁর জীবনের শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে, তা ভেবেই আরও বেদনাহত হচ্ছেন অনুরাগীরা। স্ত্রী গরিমা গর্গ (Garima Garg) ও অগণিত ভক্তকে ভেঙে দিয়ে চিরবিদায় নিলেন অসমের সাংস্কৃতিক আইকন জুবিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
