নিউজ পোল ব্যুরো: সলমন খান (Salman Khan) এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পরিচালকের ক্ষোভ যেন কিছুতেই থামছে না। দবং-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ (Abhinav Kashyap) ফের বিস্ফোরক মন্তব্যে সরব হলেন। সপ্তাহের পর সপ্তাহ ধরে তিনি খান পরিবারকে লক্ষ্য করে একের পর এক কটাক্ষ করে চলেছেন। কখনও খ্যাতনামী চিত্রনাট্যকার সেলিম খানকে আক্রমণ, আবার কখনও সরাসরি সলমনকে নিশানা করছেন। সর্বশেষ মন্তব্যে তিনি সেলিম খানকে আখ্যা দিয়েছেন “নোংরা বাবা” এবং সলমনকে বলেছেন “নোংরা ছেলে।”
আরও পড়ুন:Badshah: চোখ ফুলে গুরুতর আহত র্যাপার বাদশা! ভক্তদের আতঙ্কে ভরাল ছবি
অভিনবের অভিযোগ, সেলিম খানকে (Salim Khan) বলিউডের অন্যতম শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বলা হলেও তাঁর কাজ মনে রাখার মতো নয়। বরং তিনি প্রভাব খাটিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। পরিচালকের দাবি, বাবার মতোই ছেলে সলমনও (Salman Khan) একই পথে চলেছেন। তিনি মনে করেন, সলমন ফুটপাতে বড় হয়ে উঠে আজ প্রভাব খাটিয়েই বলিউডে সুপারস্টার হয়ে বসে আছেন। অভিনব এমনকি বলেছেন, সলমন আদৌ এই তকমার যোগ্য নন, বরং অহান পাণ্ডের অভিনয় অনেক বেশি উজ্জ্বল। ভবিষ্যতে অহানই বলিউডে নতুন সুপারস্টার হবেন এবং সলমন ইতিমধ্যেই তাঁকে হিংসা করতে শুরু করেছেন।
তবে কেন এত রাগ পরিচালক অভিনবের? বলিউড মহলে কানাঘুষো, দবং ছবির সিক্যুয়েল তৈরি করার সময় তাঁকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছিল। সেই ক্ষোভ তাঁর মধ্যে গভীরভাবে গেঁথে আছে। সম্প্রতি অভিযোগ উঠেছে, প্রথম সারির একটি চ্যানেলের ওয়েব সিরিজের দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিনবের দাবি, চ্যানেলের প্রভাবশালী কর্ণধারের ঘনিষ্ঠ বন্ধু সলমন খান। তাই তাঁকে সরিয়ে দিয়ে কপিল শর্মার শো (Kapil Sharma show)-এর প্রযোজকের হাতে তুলে দেওয়া হয়েছে প্রকল্পটি।
সমালোচকদের মতে, সেই অপমান ও ক্ষোভই অভিনবকে ক্রমশ তিক্ত করে তুলছে। ফলে গত দু’সপ্তাহ ধরে তিনি লাগাতার সলমন এবং খান (Salman Khan) পরিবারকে নিয়ে কটূ মন্তব্য করছেন। সলমনের অনুরাগীরা অবশ্য এই বক্তব্যে বিস্মিত এবং অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনবের এই আচরণ লরেন্স বিশ্নোই গ্যাং-এর সঙ্গে কোনও যোগসূত্রের ফল কি না। অন্যদিকে, সলমন-বিরোধী মহল আবার পরিচালকের পাশে দাঁড়িয়ে বলছে, অভিনব আসলে অভিনেতার আসল মুখোশ খুলে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত সলমন (Salman Khan) খান বা তাঁর পরিবারের তরফে এই বিস্ফোরক অভিযোগে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে বিতর্ক আরও বাড়ছে। বলিউড অন্দরের মতে, এই যুদ্ধ এখানেই থামবে না, বরং আগামী দিনে আরও বিস্ফোরক মন্তব্য আসতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
